রাজশাহীতে নাগরিক অধিকার আদায়ে ২৩ দফা দাবি

স্টাফ রির্পোটার: রাজশাহীর নাগরিক সুবিধা ও অধিকার আদায়ের দাবিতে ২৩ দফা নিয়ে স্মারকলিপি দিয়েছে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি। বৃহস্পতিবার সকালে নগর ভবনে গিয়ে তারা রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক বরাবর এই স্মারকলিপি জমা দেন। সিটি করপোরেশনের একজন কর্মকর্তা স্মারকলিপিটি গ্রহণ করেন। স্মারকলিপিতে দাবি করা হয়, রাজশাহীতে নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রতিমাসে একটি গণশুনানি আয়োজন করতে হবে।
গণশুনানি ছাড়াই হোল্ডিং ট্যাক্স ও পানির ট্যাক্স বৃদ্ধির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ব্যবসায়ীদের ওপর অযৌক্তিক চাপ কমাতে ট্রেড লাইসেন্স ফি হ্রাস করা দরকার। অটো ও অটোরিকশার নিবন্ধন ফি কমানোর পাশাপাশি চালকদের ট্রাফিক আইন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু করা, প্রতিটি ওয়ার্ডের জনবহুল জায়গায় সিসি ক্যামেরা স্থাপন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার জন্য হকারদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করাসহ মোট ২৩টি দাবি তুলে ধরা হয়।
কমিটির নেতারা আরও জানান, এর আগে তারা ৩৮ দফা দাবি পেশ করেছিলেন। কিন্তু সে সব দাবির বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। যদি দ্রুত সময়ের মধ্যে এসব দাবির বাস্তবায়ন না হয় তবে শিগগিরই রাজশাহীবাসীকে সঙ্গে নিয়ে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন- রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক, যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব এবং সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ইমন।


প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫ | সময়: ৪:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর