সর্বশেষ সংবাদ :

নওগাঁ সীমান্তে বিএসএফের পুশ-ইন নারী-শিশুসহ ১৮ বাংলাদেশি আটক

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর সাপাহার ও ধামইরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ-ইন করে দেওয়া নারী-শিশুসহ ১৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৮ আগস্ট ভোর রাতে পৃথক অভিযান চালিয়ে এই ১৮ জনকে আটক করা হয়। এর মধ্যে সাপাহারের বামনপাড়া বিওপির মেইন পিলার ২৪৬/২ এস থেকে প্রায় ৮০০ গজ ভেতরে, রসুলপুর গ্রামের জামে মসজিদের পাশে ভোর ৪টার দিকে ৪ জনকে আটক করে বিজিবি।
আটকরা হলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলার উথলী গ্রামের ইমদাদুলের স্ত্রী হেনা খাতুন (৩৮), একই উপজেলার চাঁনপুর গ্রামের বালাম শিকদারের স্ত্রী রূপালী (৩৫), তাদের মেয়ে চাঁদনী (৮) এবং ছেলে রমজান (২ বছর ৬ মাস)।
বিজিবির ভাষ্য, তারা চার-পাঁচ বছর আগে অবৈধভাবে ভারতের মুম্বাইয়ে গিয়ে বাসা বাড়িতে কাজ করতেন। সম্প্রতি মুম্বাই পুলিশ তাদের আটক করে ‘চেকব্যাক’ প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের ছত্রাহাটি বিএসএফ ক্যাম্পে পাঠায় এবং পরে রাতে সীমান্ত গেট দিয়ে বাংলাদেশের ভেতরে ঠেলে দেয়। বর্তমানে তারা সাপাহার থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।
অন্যদিকে একই রাতে ধামইরহাট উপজেলার সাতানা পাড়া আমবাগান এলাকায় সীমান্ত পিলার ২৭১/১-এস থেকে প্রায় ৫০ গজ ভেতরে ১৪ জনকে আটক করে বিজিবি কালুপাড়া বিওপির টহলদল। আটক ব্যক্তিদের মধ্যে ৬ নারী, ১ কিশোরী, ৩ শিশু ও ৪ যুবক রয়েছে। তারা খুলনা, নড়াইল, যশোর সহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
সূত্র জানায়, আটকরা বিভিন্ন সময়ে সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের মুম্বাই শহরে প্রবেশ করে কাজ করছিলেন। গত ৭ আগস্ট বিমানযোগে পুনে বিমানবন্দরে নিয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গের বালুরঘাট থানার মাধ্যমে বিএসএফ তাদের সীমান্তে আনে এবং গাড়িযোগে পুশ-ইন করে দেয়। আটক ১৪ জনকে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাখা হয়েছে।
সাপাহার থানার ওসি আব্দুল আজিজ জানান, ‘আটক ব্যক্তিদের ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।’
ধামইরহাট থানার ওসি ইমাম জাফর বলেন, ‘বিজিবি এখনো আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করেনি। হস্তান্তরের পর বিস্তারিত জানা যাবে।


প্রকাশিত: August 9, 2025 | সময়: 4:41 am | সুমন শেখ

আরও খবর