বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: বড়াইগ্রামে দুই রাউন্ড গুলি ছুঁড়ে মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্থানীয়রা পথরোধ করে ছিনতাই হওয়া মোটর সাইকেলসহ তৌশিক আহমেদ (২৫) নামে এক ছিনতাইকারীকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার জোনাইল বাজারে পথরোধ করে স্থানীয়রা তাকে আটক করে। আটক তৌশিক আহমেদ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মজিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পিওভাগ গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জয় ইসলাম তার দুই মামাতো ভাইকে সাথে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
পথে বাগডোব গোসাইদাসের বটতলার কাছে অপর একটি মোটরসাইকেলে থাকা তিনজন তাদের পথরোধ করে। এ সময় তারা পর পর দুই রাউন্ড গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর জোরপূর্বক জয়ের দেড়শ সিসি পালসার মোটর সাইকেলটি ছিনিয়ে নিয়ে জোনাইলের দিকে চলে যায়।
এসময় জয় মোবাইলে জোনাইল বাজারে তার স্বজনদের বিষয়টি জানালে তারা পথরোধ করে মোটরসাইকেলসহ তৌশিককে আটক করে। তবে অন্য দুই ছিনতাইকারী পালিয়ে যায়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরওয়ার হোসেন জানান, শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।