, , ।
স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় একজন পেশাদার চোর সহ এক রাতে ওয়ারেন্টভুক্ত ১৩ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন নারী আসামী রয়েছেন। বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বাঘা থানা পুলিশ তাদের আটক করেন।
বাঘা থানা পুলিশ জানায়, গত ৬ আগস্ট রাতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেপ্তার অভিযানে নামেন বাঘা থানা পুলিশের পৃথক দুটি দল। এই অভিযানে পেশাদার চোর সুজন আলীকে গ্রেপ্তার করা হয়।
সুজন আলী (৪৫) একদল চোরের সর্দার হিসাবে পরিচিত। তার নামে থানায় বেশ কয়েটি মামলা রয়েছে। এ ছাড়াও একজন ওয়ারেন্টভুক্ত নারী আসামী রুপা খাতুন (৩০) সহ মোট ১৩ জন আসামীকে গ্রেপ্তার করে পুলিশের দুটি দল।
অন্যান্য গ্রেপ্তারকৃতরা হলো হামিদুল ইসলাম (২৪), রাকিবুল ইসলাম (২৫), আতিকুর রহমান (২৮) বিদ্যুত হোসাইন ওরফে নাজিম (৩৮) আমিনুল ইসলাম বাবু (২৬) শামিম রানা সান্টু (৩৬), মামুন(৩০), রায়হান (৩৫), লিটন (৫০), রবিউল ইসলাম (৩৭) ও এজাজুল (২২)।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত সকল আসামীকে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।