ঈশ্বরদীতে সংবাদ সম্মেলনে অভিযোগ : বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হাবিবরা

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী দোসর জুবায়ের হোসেন বাপ্পি নামের এক বিতর্কিত ব্যক্তিকে দিয়ে ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যে প্রনোদিত ও ষড়যন্ত্রমূলক এবং মানহানীকর সংবাদ সম্মেলন করা হয়েছে মর্মে অভিযোগ করেছেন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। রোববার সকালে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা।
ঈশ্বরদী উপজেলা ও পৌর এবং অঙ্গসহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা ও ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল।
লিখিত বক্তব্যে তারা বলেন, গত ১ আগস্ট ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও স্বৈরাচার শেখ হাসিনার ট্রেন বহরে হামলা-মামলায় মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত হয়ে ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা জাতীয় বীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা জাকারিয়া পিন্টু সহ ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা এবং ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের বিরুদ্ধে পতিত স্বৈরাচার আওয়ামী দোসর বিতর্কিত জুবায়ের হোসেন বাপ্পির তথাকথিত মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যে প্রনোদিত ও ষড়যন্ত্রমূলক এবং মানহানীকর সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। তথাকথিত ওই সংবাদ সম্মেলনের পেছনে কারা রয়েছেন তাদের মুখোশ উন্মোচনেরও জোর দাবী জানান সংবাদ সম্মেলন থেকে।
লিখিত বক্তব্যে শামসুদ্দিন আহমেদ মালিথা ও জাকির হোসেন জুয়েল বলেন, গত ৫ আগস্ট পরবর্তী ও পূর্ববর্তী সময়ে ঈশ্বরদীতে সুষ্ঠু ধারার রাজনৈতিক চর্চা বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর হাত ধরেই শুরু হয়েছিল। সৌহার্দেরে এক নতুন অধ্যায় রচনা করেছিলেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাকারিয়া পিন্টু এমপি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেই শুরু হয় বিপত্তি।
পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব প্রতিহিংসা পরায়ন হয়ে জাকারিয়া পিন্টুর বিরুদ্ধে একের পর এক নানা ষড়যন্ত্র শুরু করেন। বিভিন্ন টিভি টক-শো, আইন-শৃংঙ্খলা কমিটির সভা সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জাকারিয়া পিন্টুর বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার ও কুৎসা রটাতে থাকেন।
লিখিত বক্তব্যে তারা আরও বলেন, কোন ভাবেই যখন জাকারিয়া পিন্টুর জনপ্রিয়তা হ্রাস করা যাচ্ছে না ঠিক সেই সময় দাশুড়িয়ার শরিফুল ইসলাম তুহিনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে আওয়ামী দোসর বিতর্কিত জুবায়ের হোসেন বাপ্পি নামের এক বিতর্কিত ব্যক্তিকে সামনে দাঁড় করিয়ে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত এবং মানহানীকর তথ্য সাজিয়ে সংবাদ সম্মেলনের নাটক সাজিয়েছেন। কথিত ওই সংবাদ সম্মেলনে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও বালু মহল দখলকারী উল্লেখ করা হয়েছে। যা শুধু মিথ্যাই নয়, চরম মানহানীকরও।
লিখিত বক্তব্যে তারা বলেন, ঈশ্বরদীতে ঐকবদ্ধ বিএনপির ঘোষণা দিয়ে জাকারিয়া পিন্টু যে প্রসংশা কুড়িয়েছেন তা নষ্ট করতেই দাশুড়িয়ার শরিফুল ইসলাম তুহিন নানা ষড়যন্ত্র কষতে থাকে। মূলত, হাবিবুর রহমান হাবিব ও শরিফুল ইসলাম তুহিনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জুবায়ের হোসেন বাপ্পির মত আওয়ামী দোসর এ ধরণের স্পর্ধা দেখানোর সাহস পেল। তারা সুকৌশলে এই অঞ্চলে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য বিএনপির রাজনীতি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছেন। যা বিএনপির কর্মী হিসেবে আমরা কোন ভাবেই মেনে নিতে পারি না।
শামসুদ্দিন আহমেদ মালিথা উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে অভিযোগ করে বলেন, তাকে প্রতিনিয়ত হত্যার জন্য হুমকি দেওয়া হচ্ছে। তিনি প্রকাশ্যেই বলেন, তাকে হত্যা করা হলে তার প্রধান হুকুমের আসামী হবেন হাবিবুর রহমান হাবিব। আর প্রধান আসামী হবেন শরিফুল ইসলাম তুহিন ও আব্দুস সামাদ সুলভ মালিথারা।
আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির প্রবীণ নেতা আহসান হাবিব, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবীর দুলাল সরদার, বিএনপি নেতা আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, শামসুদ্দোহা পিপ্পু, নান্নু রহমান, ইসলাম হোসেন জুয়েল, কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, আবু সাঈদ লিটন, জাহাঙ্গীর আলম ওরফে ঠাকুর জাহাঙ্গীর, সাহাবুদ্দিন সেন্টু, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি আজিজুর রহমান শাহীন, ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবদলের সদস্য সচিব মামনুর রশিদ নান্টু, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মাহামুদ হাসান সোনামনি সহ বিভিন্ন পর্যায়ের কয়েক’শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।


প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫ | সময়: ৩:১৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর