সর্বশেষ সংবাদ :

চাটমোহরে রাকাবে হামলাকারী বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার

চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে কৃষি ব্যাংকে হামলাকারী যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক ইউপি সদস্য লোকমান হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাতে র‌্যাব ১২ পাবনার একটি দল অভিযান চালিয়ে চাটমোহর উপজেলার ফৈলজানায় লোকমান হোসেনের বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করে। লোকমান হোসেন (৩৫) ফৈলজানার আব্দুস সাত্তারের ছেলে।
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার এনামুল হক জানান, গত ৩১ জুলাই দুপুরে পাবনার চাটমোহরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ফৈলজানা শাখায় ভাংচুর এবং ব্যাংক কর্মকর্তাদের আহত করার ঘটনা ঘটে।
পরে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি দল শনিবার বিকেল ছয়টার দিকে চাটমোহর উপজেলার ফৈলজানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় প্রধান আসামী লোকমান হোসেনকে গ্রেপ্তার করে।
চাটমোহর থানা অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম জানান, শনিবার রাত ১১টার দিকে র‌্যাব পাবনা ক্যাম্পের সদস্যরা আসামি লোকমান হোসেনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। রবিবার ৩ আগস্ট তাকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) চাটমোহর উপজেলার ফৈলজানা শাখায় ফৈলজানা ইউপির ৩ নং ওয়ার্ড মেম্বার লোকমান হোসেনের বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে মামলা হলে সে দলবদ্ধ ভাবে দেশীয় অস্ত্র নিয়ে ব্যাংকে হামলা করে এবং ম্যানেজার শামসুজ্জামান নয়নসহ অন্যান্য কর্মকর্তাকে মারপিট করে আহত করে। ব্যাংকের ক্যাশ কাউন্টার, আসবাবপত্র ভাঙচুর করে লোকমান ও তার অনুসারীরা।


প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫ | সময়: ৩:১৫ পূর্বাহ্ণ | সুমন শেখ