, , ।
চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে কৃষি ব্যাংকে হামলাকারী যুবদলের আহ্বায়ক ইউপি সদস্য লোকমান হোসেনকে অবশেষে বহিষ্কার করা হয়েছে। পাবনা জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) আজিজুল হক লিটন স্বাক্ষরিত শুক্রবার মধ্যরাতে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লোকমান হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয় বহিষ্কৃত নেতার কোন ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নিবে না।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) চাটমোহর উপজেলার ফৈলজানা শাখায় লোকমান হোসেনের বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে মামলা করায় সে দলবদ্ধ ভাবে দেশীয় অস্ত্র নিয়ে ব্যাংকে হামলা করে এবং ম্যানেজার শামসুজ্জামান নয়ন সহ অন্যান্য কর্মকর্তাকে মারপিট করে আহত করে। ব্যাংকের ক্যাশ কাউন্টার, আসবাবপত্র ভাঙচুর করে লোকমান ও তার অনুসারীরা।
এ ঘটনায় চাটমোহর থানায় মামলা হলেও পুলিশ এখনো লোকমানকে গ্রেপ্তার করতে পারেনি।