, , ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: চালের বাজার স্বাভাবিক রাখতে ও নিম্নআয়ের মানুষের ক্রয় ক্ষমতার নাগালের মধ্যে রাখতে সরকার খোলা বাজারে চাল (ওএমএস) বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে উপজেলার ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভায় ১২ জন ওএমএস ডিলার (ওপেন মার্কেট সেল) নিয়োগ দেওয়া হয়েছে।
সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ দেওয়া হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস এ লটারির আয়োজন করেন।
উপজেলা খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে, দুই পৌরসভার গুরুত্বপূর্ণ ১২টি স্থানে ওএমএস বিক্রয় কেন্দ্র স্থাপনের মাধ্যমে এই চাল বিক্রি করা হবে। ডিলাররা সরকারের কাছে ২৬ টাকা কেজি দরে চাল কিনে তা ভোক্তা পর্যায়ে ২ টাকা লাভে ২৮ টাকা কেজি দরে বিক্রি করবে। এতে করে সাধারণ মানুষ তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থেকে চাল কিনতে পারবে। যে কেউ লাইলে দাঁড়িয়ে এই চাল কিনতে পারবে। এর জন্য জাতীয় পরিচয় পত্র বা কোন কার্ডের প্রয়োজন হবে না।
লটারী কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবী নেওয়াজেস আমিন, ভবানীগঞ্জ পৌর বিএনপি সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম সহ সংবাদ কর্মী ও আবেদনকারীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ভবানীগঞ্জ পৌরসভা এবং তাহেরপুর পৌরসভায় মোট বারোজন ডিলার নিয়োগ দেয়া হয়। দুটি পৌর সভায় ১২ টি ডিলারের বিপরীতে ৩২টি আবেদন পড়ে। পরে স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে দুই পৌরসভায় ১২ জনতে ওএমএস ডিলার নিয়োগ দেওয়া হয়।
উপজেলা খাদ্য কর্মকর্তা নবী নেওয়াজেস আমিন জানান, চালের বাজার স্বাভাবিক রাখতে এবং ম্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার এই মহতী উদ্যেগে নিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম জানান, লটারী প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে করা হয়েছে। কোন কারণে চালের বাজার অস্বভাবিক বেড়ে গেলে সরকারি সিদ্ধান্ত মোতাবেক ওএমএস কার্যক্রম শুরু করা হবে।