বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: টানা তিন দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে সরাসরি বাস চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে রুটটিতে পুনরায় বাস চলাচল শুরু হয়।
রাজশাহী বাস মলিক গ্রুপ কার্যালয় সূত্রে জানা গেছে, সমস্যা সমাধানে মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজশাহী বাস মলিক গ্রুপ কার্যালয়ে দুই জেলার বাস মালিক ও শ্রমিক নেতাদের মধ্যে আলোচনায় সমঝোতা হয়। পরে লোকাল বাস চলাচল শুরুর মাধ্যমে দুই জেলার মধ্যে বাস চলাচল শুরু হয়।
চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়ের রাজশাহীগামী বাসের কাউন্টার মাস্টার মোহাম্মদ আলী বলেন, বিকেল ৪টার দিকে রাজশাহীগামী লোকাল বাস চলাচল শুরু হয়েছে। আগামীকাল বুধবার (৩০ জুলাই) থেকে গেটলক ও মহানন্দা সার্ভিস চলবে।
চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শামীম বলেন, সমঝোতা আলোচনা সফল হয়েছে। বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন (জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন) সভাপতি সাইদুর রহমান বলেন, দুই পক্ষের বৈঠকে বিভিন্ন সমস্যা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সমঝোতা বৈঠকে সভাপতিত্ব করেন রাজশাহী বাস মালিক গ্রুপ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল। উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনার, রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদকসহ দুই জেলার বাস মালিক ও শ্রমিক নেতারা।