জুলাই পুনর্জাগরণ উদযাপনে নওগাঁয় চিকিৎসাসেবা

স্টাফ রিপোর্টার, নওগাঁ: জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে নওগাঁয় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে রাণীনগর ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালায় মাঠে দিনব্যাপী এই চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুক্তার হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সহযোগিতায় এবং ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল নওগাঁ ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় এক হাজার মানুষকে বিনামূল্যে এই চিকিৎসাসেবা দেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের হৃদরোগ, ডায়াবেটিস, গাইনি, অর্থপেডিক্স, শিশু রোগ এবং সার্জারী রোগের স্বাস্থ্যসেবা দেন।
এদিকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাওয়াই আয়োজকদের প্রতি সাধুবাদ জানিয়েছেন সেবা গ্রহীতারা। দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেন ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মীর সুফিয়ান, অর্থোপেডিক্স কনসালটেন্ট ডা. সঞ্জয় কুমার শরমল, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মোকাদ্দেস রব্বানী, মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ এবং ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু জার গাফফার, সার্জারী বিশেষজ্ঞ ডা. আনসার আলী এবং গাইনি রোগ বিশেষজ্ঞ ডা. নাজমাতুন জিকরিয়া বনি।
উপজেলার বেতগাড়ী এলাকা থেকে গাইনি সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসা শম্পা আকতার বলেন, কিছুদিন থেকেই গাইনি সমস্যা নিয়ে ভুলগছিলাম। হঠাৎ মাইকিং শুনলাম টাকা ছাড়াই ডাক্তার দেখানো যাবে। এজন্য আজকে এখানে এসে ডাক্তার দেখালাম। টাকা ছাড়াই এত ভালো সেবা পাওয়া যাবে, এটা ভাবতে পারিনি। একজন গাইনি ডাক্তার চিকিৎসা দিলেন। বাড়ির পাশে এত বড় ডাক্তার বিনা মূল্যে সেবা দিলেন। এটা অনেক বড় উপকার।
কালিকাপুর থেকে ডায়াবেটিস সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসা সাইফুদ্দীন মন্ডল বলেন, ২-৩ বছর থেকে আমার ডায়াবেটিস রোগ দেখা দিয়েছে। মেডিকেল ক্যাম্পে ভালো ডাক্তারকে দেখাইতে পারলাম। ডায়েবিটিসের চিকিৎসা প্রতিনিয়তই নিতে হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ফজলে রাব্বি বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে চিকিৎসা না পেয়ে আমাদের অনেক ভাই বোন মৃত্যুবরণ করেছে। নতুন বাংলাদেশে চিকিৎসার অভাবে গ্রামের সহজ-সরল মানুষদের কষ্ট করতে না হয় সেই চেষ্টা করছি আমরা। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, জুলাই আগস্ট মাস ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতেই আজকের এই আয়োজন। আশা করি বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য সেবা পেয়ে এলাকার মানুষ উপকৃত হবে।
নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দের সভাপতিত্বে বিনামূল্যে চিকিৎসাসেবায় অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান, রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখারুল আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর ছাত্রনেতা ফজলের রাব্বিসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। পরে ঘোঘগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের ৫শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।


প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫ | সময়: ৫:২৫ পূর্বাহ্ণ | সুমন শেখ