বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী হাজী মুহাম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ে জুলাইয়ের ‘আত্মত্যাগ আমাদের মুক্তির প্রেরণা’ এই প্রতিপাদ্যে- জুলাই শহিদ দিবস, গণঅভ্যুত্থান দিবস ও জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজশাহী সির্ভিল সার্জন কার্যালয় আয়োজিত এ কর্মসূচি উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান।
কর্মসূচি উদ্বোধনকালে জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহিদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করে ডা. হাবিবুর রহমান বলেন, সবাইকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করতে হবে। এই চেতনার মাধ্যমে দুর্নীতিমুক্ত, সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন জাতি গঠনে আমাদের সকলের প্রত্যয় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি ও রক্তগ্রুপিং সেবায় আজকে যেসব রোগীরা আসবে তাদের আমরা সীমিত আকারে স্বাস্থ্যসেবা দিব। তবে আমাদের প্রধান উদ্দেশ্যে হচ্ছে ব্লাড গ্রুপিং। ভবিষ্যতের যেকোনো প্রয়োজনে যেন আমরা রক্ত সংগ্রহ করতে পারি। অতীতে আমরা বলতাম পরিবারের মধ্যে হতে রক্ত দিলে ভালো, এখন আমরা বলি পরিবার ছাড়া অন্য কেউ রক্ত দিলে সেটাই বেশি নিরাপদ। এই জন্য প্রয়োজন ডেটা, সেই ডেটা তৈরি করতেই আমরা কাজ করছি।
রাজশাহী সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম এর সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে ডেপুটি সিভিল সার্জন ডা. মোসা. মাহবুবা খাতুন, মেডিকেল অফিসার বায়োজীদ-উল ইসলাম ও ডা. আব্দুর রাকিবসহ জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট সোসাইটির মেডিকেল টিম, বিভিন্ন স্তরের জনগণ ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘জুলাইয়ের আত্মত্যাগ আমাদের মুক্তির প্রেরণা’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বিরূপ পরিস্থিতিতে চিকিৎসক সমাজ সাহসী পদক্ষেপ নিয়েছিল। শহিদ আবু সাঈদের মেডিকেল রির্পোটটির অনেক বাধা-বিপত্তি ছিল। তারপরও আমাদের মেডিকেল সমাজ সঠিক রিপোর্ট দিতে সক্ষম হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের হেলথ কার্ড করে দেয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে দেশের সকল সরকারি স্বাস্থ্যসেবাদান প্রতিষ্ঠানগুলোতে তাঁরা খুব সহজে ও আন্তরিকতার সাথে স্বাস্থ্যসেবা পাবে। আলোচনা সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের ওপরে একটি ডকুমেন্টারি প্রদর্শণ করা হয়।
পবা: সোমবার দিনব্যাপি পবা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প। পবা উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা মেডিকেলের ডাক্তার, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী এবং সাধারণ মানুষ।
প্রতিষ্ঠানিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,“জুলাই পুনর্জাগরণ শুধু একটি সাংস্কৃতিক কর্মসূচি নয়, এটি আমাদের নৈতিক ও মানবিক চেতনার বহিঃপ্রকাশ। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা. আসাদুজ্জামান। তিনি বলেন,“আজকের এই ক্যাম্পে শুধুমাত্র ওষুধ কিংবা প্রেসক্রিপশন দেওয়া হয়নি, আমরা মানুষের মনে আস্থা ফেরানোর চেষ্টা করেছি। যারা হয়তো আর্থিক সীমাবদ্ধতার কারণে চিকিৎসা নিতে পারেন না, তাদের পাশে দাঁড়ানোই ছিল আমাদের মূল উদ্দেশ্য।”
ক্যাম্পে সকাল থেকেই উপচে পড়া ভিড় দেখা যায়। এলাকার বিভিন্ন গ্রাম থেকে আসা রোগীরা ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণ করেন। একটি বুথে চিকিৎসা সেবা চালানো হয়— সাধারণ রোগ, শিশু রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং নারীস্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়। বুথে পর্যাপ্ত ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত রাখা হয়।
এদিনের কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ দিক ছিল রক্তদান কর্মসূচি। এসময় মেডিকেল সেবা প্রদান করেন- উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাহাত আহমেদ, সিনিয়র স্টাফ নার্স কামনরুন্নাহার, রাজু আহমেদ, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মমিনুল ইসলাম, আফরিন আখতার, মেডিক্যাল টেকনোলজিস্ট আব্দুল মতিন, অফিস সহায়তা মোখলেছুর রহমান। এছাড়াও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা টিম ও প্রশাসনের স্বেচ্ছাসেবক দল। জুলাই পুনর্জাগরণের এই আয়োজন স্বাস্থ্যসেবার একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হতে পারে। বিশেষ করে প্রান্তিক জনগণের মাঝে সরকারের স্বাস্থ্য উদ্যোগকে দৃশ্যমান করার ক্ষেত্রে এ ধরনের ক্যাম্প ভূমিকা রাখবে। পবা উপজেলার মতো দেশের অন্য উপজেলাতেও এমন আয়োজন ছড়িয়ে পড়ুক-এমনটাই প্রত্যাশা সকলের।
জয়পুরহাট: জুলাই পূনর্জাগরণ উপলক্ষে জয়পুরহাটে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতে সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শহরের খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্পে সেবা দেওয়া হয়।
এ উপলক্ষে ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্স লেফটেন্যান্ট কর্নেল রকিব উদ্দিন মজুমদার বলেন, ১১ পদাতিক ডিভিশন এবং বগুড়া এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসা ক্যাম্পে বগুড়ার সিএমএইচ হতে ৭জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, চক্ষু, গাইনী, শিশু ও চর্ম রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা ও ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এ সময় বিভিন্ন বয়সের শিশু ও নারী-পুরুষ মিলে প্রায় এক হাজার মানুষ এই স্বাস্থ্যসেবা নিয়েছেন।