নওগাঁর ধামইরহাট থেকে চুরি হওয়া ট্রাক ঢাকার কলাবাগান এলাকা থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার, নওগাঁ:

নওগাঁর ধামইরহাট থেকে চুরি হওয়া ট্রাক ঢাকার কলাবাগান এলাকা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। সেই সাথে চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ২৬ জুলাই ঢাকার উত্তরা ও ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার ২৭ জুলাই ট্রাক উদ্ধার ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর।
গ্রেপ্তারকৃতরা হলেন ধামইরহাট উপজেলার দক্ষিণ চকযদু গ্রামের আব্দুল খালেকের ছেলে আবু ইউসুফ এবং পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার কালাই উপজেলার নানাহার গ্রামের জাইরুল ইসলামের ছেলে তাইফুল।
থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ভোরে উপজেলার টিএন্ডটি মোড় থেকে অশোক ল্যান্ড একটি ট্রাক চুরি হয়। এঘটনায় ২৪ জুলাই ধামইরহাট থানার মামলা হলে উদ্ধার কার্যক্রম শুরু করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান।
এসআই মনিরুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমি এবং আমার সঙ্গীয় ৪ জন ফোর্স নিয়ে বিভিন্ন চেষ্টা চালিয়ে ২৬ জুলাই ভোরে ঢাকার মধুমতি মডেল টাউন থেকে ট্রাকটি আটক করা হয়। এবং এর পূর্বে ঢাকার উত্তরা থেকে এক জন এবং ধানমন্ডি থেকে এক জনকে গ্রেপ্তার করা হয়।’
ওসি ইমাম জাফর বলেন, গত ১৯ তারিখে টিএন্ডটি মোড় থেকে একটি ট্রাক চুরি হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়। মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ট্রাকটি উদ্ধার সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।


প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫ | সময়: ৫:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ