বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ২৪ জনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এদের মধ্যে সন্ত্রাসী তৎপরতা, চাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে।
বাকিদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ১৪ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় আরও ৬ জন রয়েছেন। বুধবার দুপুরে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত অভিযানে অবৈধ প্রভাব বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে আটক করা হয় ৩ জনকে। তাদের মধ্যে সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ২ জন এবং চাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাজশাহী মহানগর আওয়ামী লীগের কর্মী সঞ্জয় কুমার দাস (৩৫), মিনারুল ইসলাম মিন্নাল (৪৫) ও তৌফিকুর রশিদ ওরফে রিয়াদ (২২)।
সঞ্জয় কুমার দাস নগরের বোয়ালিয়া মডেল থানার কুমারপাড়া এলাকার বাসিন্দা চঞ্চল চন্দ্র দাসের ছেলে। মিনারুল ইসলাম মিন্নাল শাহ মখদুম থানার ভূগরইল এলাকার মৃত লুছেন মন্ডলের ছেলে। চাঁদাবাজি ও দখলের অভিযোগে গ্রেপ্তার তৌফিকুর রশিদ ওরফে রিয়াদ বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর পূর্বপাড়ার মো. হারুন অর রশিদের ছেলে। বর্তমানে তিনি রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় বসবাস করেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।