বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
মহাদেবপুর প্রতিনিধি: মহাদেবপুর উপজেলা সদরের দুলালপাড়া এলাকায় শয়নকক্ষ থেকে নারীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৭ টার দিকে থানা পুলিশ ঘরের দরজা ভেঙ্গে হালিমা খাতুন (৪২) নামের এক মহিলার লাশ উদ্ধার করে।
জানা গেছে, হালিমা খাতুন মহাদেবপুর উপজেলা কৃষি অফিসের পরিচ্ছন্নতা কর্মী। সে অন্য দিনের মত অফিসে না আসলে কর্তৃপক্ষ ফোনে বার বার খোঁজ নিয়ে না পেলে বাড়িতে খুজতে যান। এ সময় তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখলে থানা পুলিশকে অবহিত করলে পুলিশ এসে দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। হালিমা খাতুন ২০১৬ সালে কৃষি অফিসে যোগদান করেন।
হালিমা খাতুন নওগাঁ জেলার রাণী নগর উপজেলার বালুভরা গ্রামের ইসমাইল হোসেনের কন্যা। চাকরির সুবাদে সে মহাদেবপুরের দুলালপাড়া এলাকায় একলা একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, তার ২ মেয়ে ও ১ ছেলে গ্রামের বাড়ীতে থাকে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ জানান, সে হরিজন সম্প্রদায়ের মানুষ ছিলেন এবং কোন এক সময়ে মুসলিম ধর্ম গ্রহণ করেন। এ বিষয়ে মহাদেবপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।