বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ ম্যারাথনের উদ্বোধন করেন জুলাই আন্দোলনের শহীদ সাকিব আনজুমের পিতা মাইনুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক আফিয়া আখতার, শহীদ মিনারুল ইসলামের স্ত্রী নূরেসান খাতুন শম্পা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের রাজশাহী বিভাগের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব।
উদ্বোধনের সময় জুলাই আন্দোলনের শহীদ সাকিব আনজুমের পিতা মাইনুল হক বলেন, ‘জুলাইয়ের যে চেতনা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম- সেটিই আমাদের চলার পথের প্রেরণা। যারা আন্দোলনে জীবন দিয়েছেন, তাদের যে মনের বাসনা, তা বর্তমান ও আগামী সরকার এবং প্রশাসন নিশ্চয়ই বাস্তবায়ন করবেন- আমি এ আশাই করি।’
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ম্যারাথনটি রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নগরের সিঅ্যান্ডবি মোড় হয়ে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।