বাতিঘর একুশ বছরে রাজশাহী উৎসব শুক্রবার

স্টাফ রিপোর্টার: বইয়ের জগতের জনপ্রিয় প্রতিষ্ঠান বাতিঘর দুই দশক পার করে একুশ বছরে পা রেখেছে। এ উপলক্ষে শুক্রবার (১৯ জুলাই) রাজশাহী নগরীতে আয়োজন করা হয়েছে আনন্দ উৎসবের।
বোয়ালিয়া থানার পেছনে রাজশাহী বাতিঘর প্রাঙ্গণে বিকেল ৫টা থেকে শুরু হবে লেখক, পাঠক, শিল্পী, সাংবাদিক ও সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলা। থাকবে আলাপ, আড্ডা, আবৃত্তি আর গান।
বাতিঘরের সিইও ও চিফ এডিটর জাফর আহমদ রাশেদ জানিয়েছেন, এ আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, রাজশাহীর পাঠক-শিল্পী-সাংবাদিক-সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে উৎসব প্রাণবন্ত হয়ে উঠবে।
এর আগে ২৮ জুন চট্টগ্রাম বাতিঘরে এস্রাজের সুরে এ উৎসবের সূচনা হয়। পরে ৮ জুলাই ঢাকা বাতিঘর এবং ১১ জুলাই সিলেট বাতিঘরেও আয়োজন করা হয় উৎসবের। শুক্রবার রাজশাহীর আয়োজনের মধ্য দিয়ে বাতিঘর উৎসবের পরিসমাপ্তি ঘটবে।


প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫ | সময়: ৪:১১ পূর্বাহ্ণ | সুমন শেখ