বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: নীলফামারীর ডোমারে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার মামলায় শ্বাশুড়ি ফারজিনা আক্তারকে (৫৫) রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজশাহী নগরীর শ্যামপুর এলাকার একটি বাড়ি থেকে র্যাব-৫ এর সিপিএসসি দলের সদস্যরা তাকে আটক করেন। গ্রেপ্তার ফারজিনা নীলফামারীর ডোমার উপজেলার ডাঙ্গাপাড়া সাহার মোড় এলাকার খয়রুল ইসলামের স্ত্রী।
মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত মে মাসে পারিবারিক কলহের জেরে ফারজিনা আক্তারের বাড়িতেই ছুরিকাঘাতে খুন হন তার পূত্রবধূ। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে ফারজিনা আক্তার, তার ছেলে ফারুক হোসেনসহ পরিবারের কয়েকজনকে আসামি করে ডোমার থানায় হত্যা মামলা করেন। মামলায় ফারজিনা ২ নম্বর আসামি। র্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তারের পর ফারজিনাকে ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।