সর্বশেষ সংবাদ :

নানা স্থানে বিশ্ব জনসংখ্যা দিবস: ভালো কাজের স্বীকৃতি গর্বের বিষয়: বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে “বিশ্ব জনসংখ্যা দিবস” উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার রাজশাহী জেলা ও বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে স্পেকট্রাম কনফারেন্স রুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।
পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের পরিচালক ড. কস্তুরী আমিনা কুইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মো: হাবিবুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার, সিভিল সার্জন রাজশাহী প্রতিনিধি ডাঃ বায়োজিদ। ।
স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা রাজশাহী জেলা উপপরিচালক আব্দুর রাজ্জাক। তিনি বলেন, তরুণ প্রজন্ম আমাদের ভবিষ্যৎ। এদের সঠিক দিক নির্দেশনা ও নির্ভূল লক্ষ্য নির্ধারণে আমাদের ভূমিকা রাখতে হবে। সমাজ এবং পরিবার গঠনে তরুণদের ভূমিকা অনস্বীকার্য। তিনি আরো বলেন, তরুণরা ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে পরিবারিক কাঠামো ও মূল্যবোধ উত্তরাধিকার সূত্রে গ্রহণ ও অভিযোজন করার পাশাপাশি ভবিষ্যতে পরিবার গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার আজিম আহমেদ এনডিসি বলেন, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার পাওয়া গর্বের বিষয়, পরিবার পরিকল্পনা বিভাগের এ আয়োজনের ভূয়সী প্রসংশা করেন তিনি। তিনি গর্ভবতী মা, কিশোর কিশোরীসহ তরুন প্রজন্মের যত্ন নেয়ার আহবান জানান, কেননা আজকের তরুণরাই একসময়ের পরিনত মানুষ। ২০২৪ সালের এক সমীক্ষায় দেখা যায় পৃথিবীর বর্তমান জনসংখ্যা ৮ বিলিয়ন যার প্রায় ২৫ শতাংশই তরুণ প্রজন্য (১৫-২৪ বছর) অর্থাৎ মোট জনগোষ্ঠীর ২ বিলিয়ন তরুন। ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে এদের ক্ষমতায়ন ন্যায় ভিত্তিক সমাজ গঠন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে পছন্দের পরিবার গঠনে তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিচালক, স্বাস্থ্য ডা. মো: হাবিবুর রহমান, বলেন, পরিকল্পিত ও সুখী সমৃদ্ধ পরিবার গঠনে তরুণ মেধাকে কাজে লাগাতে হবে। এই উর্বর মেধাই পারে দেশ ও জাতিকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে।
জেলা প্রশাসক, আফিয়া আখতার বলেন, আমরা এমন এক সমাজে বসবাস করছি যেখানে, বাংলাদেশ জনসংখ্যার ডিভিডেন্ট পর্যায় অতিক্রম করছে। এখনই সময় এই বাড়ন্ত তরুন সমাজকে কাজে লাগিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নেয়ার, এর ব্যত্যয় ঘটলে আমরা ব্যর্থ হবো।
এরপর ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রাপ্তদের মাঝে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়। সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি বলেন, জাতিসংঘ জনসংখ্যা তহবিল কর্তৃক বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ এর নির্ধারিত প্রতিপাদ্য “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যোর ক্ষমতায়ন।” এটি সময়োপযোগী একটি বিষয়। তিনি আরো বলেন, ১৯৮৭ সালের ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা ৫০০ কোটিতে উপনীত হওয়ার প্রেক্ষিতে ১৯৮৯ সালে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের তৎকালীন গভর্নিং কাউন্সিল জনসংখ্যা বিষয়ক ধারণার গুরুত্ব ও প্রয়োজনীয়তা প্রথম অনুধাবন করে। পরবর্তীতে ১৯৯০ সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৫/২১৬ নং প্রস্তার পাসের মাধ্যমে সারাবিশ্বে প্রতিবছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানান এবং সকলকে সাধ্যমত ভালো কাজ করার অনুরোধ করেন। তিনি সকলের সু-স্বাস্থ্য ও সাফল্যমন্ডিত জীবন কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। উক্ত অনুষ্ঠানে রাজশাহী জেলার সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা), সহকারী পরিচালক (সিসি), মেডিকেল অফিসার (সিসি) এবং রাজশাহী বিভাগ এবং জেলার পুরস্কার প্রাপ্ত চেয়ারম্যানগণসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে এ দিবস উপলক্ষে রাজশাহীসহ নানা স্থানে বিভিন্ন কর্মসুচি পালিত হয়। বাগমারা: রাজশাহীর বাগমারায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সোমবার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। উপজেলার সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল আমিনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবী নওজেস আমিন।
অনুষ্ঠানে গত অর্থ বছরে বিশেষ অবদান রাখায় চারজন কর্মী ও তিনটি প্রতিষ্ঠানকে পুরষ্কৃত করা হয়। কর্মীরা হলেন, পরিবার কল্যান সহকারি ফিরোজা খানম, পরিবার কল্যান পরিদার্শীকা খোদেজা খাতুন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মুনতাছির বিল্লাহ ও উপ-সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার মোজাম্মেল হক। এছাড়াও আউচপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, গণিপুর ইউনিয়ন পরিষদ ও বাগমারা জাতীয় তরণ সংঘকে প্রতিষ্ঠান হিসেবে সেরা পুরষ্কার দেওয়া হয়। নির্বাচিত এসব কর্মী ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট এবং সনদ দেওয়া হয়।
পত্নীতলা: নওগাঁর পত্নীতলায় সোমবার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে আলোচনা সভা, থিম সং প্রদর্শন এবং সনদপত্র ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জাহিদ হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন।
মেডিকেল অফিসার ডাক্তার জহুরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার খালিদ সাইফুল্লাহ। এ সময় অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জয়পুরহাট: সোমবার জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর আইইএম ইউনিট এর আয়োজনে এবং জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর বাস্তবায়নাধীনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্য জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ মোঃ আল মামুন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, কৃষি প্রকৌশলী সিরাজুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে কুলসুমসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী কর্মকর্তাবৃন্দ। সভায় জেলা ও উপজেলা পর্যায়ে ভাল কাজের স্বীকৃতিস্বরুপ ৯ জনকে ক্রেষ্ট ও সন্মাননা পুরস্কার প্রদান করা হয়।
রাণীনগর: নওগাঁর রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিন রাণীনগর উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরে আলমের সভাপতিত্বে ও রাণীনগর সদর পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল আজিজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান। বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শফিউল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।
বদলগাছী: উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবোধ কুমার আচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কানিস ফারহানা। স্বাগত বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডা. তাসকিয়া পারভীন।
আরও বক্তব্য রাখেন, বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান (কেটু), সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসান, এনসিপি জেলা কমিটির সদস্য শাহরিয়ার জামান (সম্পদ)। উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার রাজিব আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফারুক আহমেদ প্রমূখ। সভাশেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য ও কৈশোরকালীন স্বাস্থ্য সেবাদান কার্যক্রমে বিশেষ অবদানের জন্য উপজেলায় ৬ (ছয়) টি ক্যাটাকরিতে শ্রেষ্ঠকর্মী ও নির্বাচিত প্রতিষ্ঠানকে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


প্রকাশিত: July 15, 2025 | সময়: 4:23 am | সুমন শেখ