শিক্ষার্থী ও কৃষক-শ্রমিকদের গাছের চারা বিতরণ করেছে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে রাজশাহীর দুর্গাপুরে গাছের চারা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স। সংগঠনটি মূলত গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের সমন্বয়ে গঠিত।
রোববার দুর্গাপুর উপজেলার কানপাড়া চুনিয়াপাড়া এলাকায় ৩০০ শিক্ষার্থী, কৃষক ও শ্রমিকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি চুনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গাছের চারা রোপণ করে সংগঠনটি।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া-দুর্গাপুর সার্কেল) কুদরত-ই-খুদা শুভ। সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সর প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়ক আতাউর রহমান, সদস্য রাকিবুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক মোকলেসুর রহমান বিজয়, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’র সিনিয়র সদস্য শাহ সোহানুর রহমান ও রায়হানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে কাঁঠাল, জাম, পেয়ারা, ডালিম, আমলকি ও জলপাই সহ বিভিন্ন ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার কুদরত-ই-খুদা শুভ বলেন, ‘গাছ আমাদের অক্সিজেন দেয়, কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে, ফল ও কাঠ দেয়। সবদিক থেকেই এটি আমাদের পরম বন্ধু। ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের এই উদ্যোগ প্রশংসনীয়। ব্যক্তি উদ্যোগেও আমরা এই ধারা অব্যাহত রাখতে পারি।’
ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান বলেন, ‘পরিবেশ রক্ষায় এবং একটি বাসযোগ্য পৃথিবী গড়তে আমাদের প্রত্যেককে বেশি করে গাছ লাগাতে হবে। বৃক্ষরোপণ আন্দোলন সারাদেশে ছড়িয়ে দিতে চাই।’


প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫ | সময়: ৪:১৯ পূর্বাহ্ণ | সুমন শেখ