সর্বশেষ সংবাদ :

র‌্যাবের জালে পড়লো ধরা ভুয়া পুলিশ সেজে চাকরি বাণিজ্য করা রাজিউর

স্টাফ রিপোর্টার: সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁও থেকে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব। ভুয়া পুলিশ পরিচয় দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এই চক্রের মূলহোতা রাজিউর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে রাজিউর রহমান (৪০), পিতা সইফুর রহমান, সাং-জনগাঁও, পীরগঞ্জ, ঠাকুরগাঁও নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। সে ভুক্তভোগীদের কাছ থেকে সরকারি চাকরির আশ্বাস দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিত।
সর্বশেষ এক ভুক্তভোগীর কাছ থেকে ১২ লাখ টাকার চুক্তি করে সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি দেওয়ার আশ্বাস দেয়। ভুক্তভোগী তাকে ৬ লাখ টাকা, এসএসসি সার্টিফিকেট, দুটি স্বাক্ষর করা ব্ল্যাঙ্ক চেক ও মূল্যবান কাগজপত্র কুরিয়ারে পাঠান। পরে প্রাথমিক বাছাইয়ে বাদ পড়লেও রাজিউরের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন ভুক্তভোগী। বিষয়টি বুঝতে পেরে তিনি রাজশাহীর বোয়ালিয়া থানায় মামলা করেন।
মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় র‌্যাব-৫ এবং র‌্যাব-১৩ এর যৌথ অভিযানে ঠাকুরগাঁও সদর থানার বন্দরপাড়া এলাকা থেকে রাজিউরকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এর আগেও সে একইভাবে বহু মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে এবং এলাকায় নিরীহ মানুষদের জিম্মি করে ব্ল্যাকমেইল করত। তার বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা রয়েছে এবং একাধিকবার জেলও খেটেছে। গ্রেপ্তারকৃত রাজিউরকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: July 14, 2025 | সময়: 4:48 am | সুমন শেখ