বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ভাগনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বিচার চেয়েছেন ওয়াসিমুল হক নামের এক ঠিকাদার। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রাজশাহী সিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি অভিযোগ করেন, তার ভাগনে আল ফারুক আহমেদ নওহাটা পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদে থেকে বেপরোয়া আচরণ করছেন এবং কোটি টাকার বেশি চাঁদা দাবি করছেন।
ওয়াসিমুল হক বলেন, আওয়ামী সরকারের আমলে তৎকালীন এমপি আয়েন উদ্দিনের ছত্রছায়ায় তার ভাগনে এলাকায় নানা অপকর্ম করেছেন। প্রকাশ্যেই ভয়ভীতি ও হুমকি দিয়ে অর্থ আদায় করেছেন। ভাগনের দ্বিতীয় স্ত্রী তানিয়ার ভাই যুবদল নেতা হওয়ায় নতুন এখনও বেপরোয়া হয়ে ঘুরে বেড়াচ্ছেন।
তিনি জানান, সম্প্রতি তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে রাজি না হওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় পবার ভুগরইল এলাকায় তার ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর করা হয় এবং রাতে ২০-২৫ জন লোক নিয়ে তার বাড়িতেও হামলা চালানো হয়। এসব ঘটনার সিসিটিভি ফুটেজও তার কাছে রয়েছে। ওয়াসিমুল বলেন, আমার কাছে কোনো টাকা পাবে না। বরং তার ব্যাংক ঋণ পরিশোধে আমি তাকে প্রায় ৮০ লাখ টাকা দিয়েছি। সে উল্টো মিথ্যা অভিযোগ করছে।’
তিনি আরও জানান, নগরীর বোয়ালিয়া থানায় দায়ের হওয়া একটি মামলায়ও ভাগনে ষড়যন্ত্র করে তাকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন। ঠিকাদারি কাজের ক্ষেত্রেও অপপ্রচার চালিয়ে তাকে বিপাকে ফেলার চেষ্টা করছেন। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ওয়াসিমুল বলেন, ‘যেখানে পাবেন সেখানেই আক্রমণ করবে বলে হুমকি দিচ্ছে। আমি সুষ্ঠু তদন্ত ও হামলাগুলোর বিচার চাই।’ এ বিষয়ে কথা বলতে যুবলীগ নেতা আল ফারুক আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার স্ত্রী তানিয়া খাতুন জানান, ‘ও এখন বাসায় নেই।’