পূর্ব শত্রুতার জেরে দেড় শতাধিক কলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার কাজীপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের কলা বাগানে হামলা চালিয়ে দেড় শতাধিক কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চরম হতাশা ও ক্ষোভে ভুগছেন ভুক্তভোগী কৃষক সাইদুর রহমান।
ভুক্তভোগী কৃষক সাইদুর রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে কলা চাষ করে জীবিকা নির্বাহ করছেন। কয়েক মাস আগে কাজীপাড়া এলাকার কয়েকজনের সঙ্গে তার পারিবারিক ও জমিজমা নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
সাইদুর রহমান অভিযোগ করেন- মঙ্গলবার (৮ জুলাই) মধ্যরাতে তার কলা বাগানে গিয়ে প্রায় দেড় শতাধিক কলা গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। পরিশ্রম করে গাছগুলো পরিচর্যা করলেও ফলন আসার আগেই সব নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, ‘আমি রাতে মাঠে যাই না। সকালে গিয়ে দেখি সব গাছ কাটা। এখন কীভাবে সংসার চালাব, কিছুই বুঝতে পারছি না।’
এ ঘটনায় তিনি চারজনকে অভিযুক্ত করে বুধবার সন্ধ্যায় পবা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন- কাজীপাড়া গ্রামের জয়েন হাজীর ছেলে আলহাজ্ব কাজী আবুল কালাম, আলহাজ্ব কাজী আবুল কালামের ছেলে হাবিব, হাসান ও কাজী বোরহান।
স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে এভাবে কৃষকের ক্ষতি করা ন্যাক্কারজনক। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: জুলাই ১১, ২০২৫ | সময়: ৪:৪২ পূর্বাহ্ণ | সুমন শেখ