ডেঙ্গুতে আক্রান্ত আরও ৪২৫ জন হাসপাতালে ভর্তি, শিক্ষিকাসহ মৃত্যু ৪

সানশাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১২০ জনই বরিশাল বিভাগে সিটি করপোরেশনের বাইরের এলাকার। আর এ সময়ের মধ্যে মারা গেছেন ৩ জন। এদিন বরগুনায় ডেঙ্গুতে স্কুলশিক্ষিকার মৃত্যু হয়। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫২ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১৮৮ জন।
মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। স্বাস্থ্য অধিদফতর জানায়, জুলাইয়ে এখন পর্যন্ত ২ হাজার ৮৯২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৯ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ৩৮৬ জন, বাকি ৯৬৫ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন মারা গেছেন।
এদিকে বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসিনা বেগম (৪৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রোগটিতে আক্রান্ত হয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২ জনে। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ জন।
মঙ্গলবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসিনা বেগমের মৃত্যু হয়। তিনি সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের গুদিঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৬৩ জন। এ ছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি রয়েছেন ২১ জন। এর মধ্যে, বেতাগী ২,বামনা ৮, তালতলী ২, এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২২৪ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ৬০৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩৮২ জন। এ ছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ২৬ জন। এ নিয়ে বরগুনায় ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৩২ জন।
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, ‘দিন দিন ডেঙ্গুর পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। কবে নাগাদ এর নিয়ন্ত্রণ আসবে আল্লাহ ভালো জানেন। হাসপাতালে আইসিইউর ব্যবস্থা নেই। রোগীর শারীরিক অবস্থার অবনতি দেখলে আমাদের রেফার করতে হয়। এখন জনসাধারণকেই সচেতন হতে হবে, তা না হলে কোনোভাবেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না।’


প্রকাশিত: জুলাই ৯, ২০২৫ | সময়: ৫:১৩ পূর্বাহ্ণ | সুমন শেখ