সর্বশেষ সংবাদ :

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া রোধে রাজশাহীতে বিআরটিএ’র বিশেষ অভিযান

মোঃ রাজন আহমেদ, ডিজিটাল:

ঈদযাত্রায় যাত্রীসেবা নিশ্চিত ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজশাহীর উদ্যোগে ভদ্রা মোড় এলাকায় রোডশো ও বাস কাউন্টার পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে।

 

 

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনব্যাপী বিআরটিএ রাজশাহী সার্কেলের মোটরযান পরিদর্শক মোহাম্মদ আবুল কালাম আজাদ এই কার্যক্রম পরিচালনা করেন। তিনি ভদ্রা মোড় ও রেলগেট এলাকার বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে তিনি যাচাই করেন, ঈদ উপলক্ষে কোনো বাস কাউন্টার অতিরিক্ত ভাড়া আদায় করছে কী না, এ বিষয়টি নিয়ে সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলেন। একই সাথে যাত্রীদের অভিযোগ গুলো শোনেন এবং বাস কর্তৃপক্ষকে সরকার নির্ধারিত ভাড়া অনুসরণ করার নির্দেশ দেন।

 

একই দিনে ভদ্রা মোড় এলাকায় বিআরটিএ’র পক্ষ থেকে রোডশো পরিচালনা করা হয়। এতে যাত্রী ও চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়, যেখানে ট্রাফিক সাইন, সিগন্যাল, রোড মার্কিং এবং নিরাপদ সড়ক চলাচলের নিয়মাবলী উল্লেখ ছিল।

 

এ সময় মোটরযান পরিদর্শক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ঈদে যাত্রীদের কাছ থেকে কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না, তা নিশ্চিত করতে আমরা নিয়মিত পরিদর্শন চালিয়ে যাচ্ছি। যাত্রীসেবা নিশ্চিত করা এবং সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়ানো আমাদের মূল লক্ষ্য।

 

রাজশাহীতে বিআরটিএ’র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ বাস যাত্রীরা। তাদের দাবি, প্রশাসনের এমন তৎপরতা থাকলে যাত্রী হয়রানি কমবে এবং নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত হবে।

সানশাইন/রাজ


প্রকাশিত: March 28, 2025 | সময়: 12:20 am | Daily Sunshine

আরও খবর