, , ।
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার অধীন ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং জ্যেষ্ঠ সচিবদের সঙ্গে আজ সোমবার বৈঠকে বসবেন।
আজ সোমবার (১২ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হবে। গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি ২৫টি মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে।
এই চিঠিতে বলা হয়েছে, বৈঠকে শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও জ্যেষ্ঠ সচিবরা উপস্থিত থাকবেন। মন্ত্রণালয়ের অধীন দপ্তর/সংস্থার সচিবদের সভায় যোগ দিতে হবে না। কারণ জনপ্রশাসন, ভূমিসহ কয়েকটি মন্ত্রণালয়ে চার থেকে পাঁচজন করে সচিব কাজ করছেন। তাই যেসব সচিব বিভিন্ন দপ্তর/সংস্থায় আছেন, তাঁদের এ সভায় উপস্থিত হতে হবে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের কর্মপরিধি এবং ভিশন ও মিশন উপস্থাপন করা হবে। এছাড়াও নিজ নিজ মন্ত্রণালয়ের চলমান কর্মকাণ্ড সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন সচিবরা।
সেই সঙ্গে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের বিষয়ে একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হতে পারে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার কম সময়ের মধ্যে রাষ্ট্রের কিছু সংস্কার করতে চায়। এ জন্য প্রতিটি মন্ত্রণালয়ের অনিয়ম, দুর্নীতি বিষয়েও আলোচনা করা হতে পারে।
প্রসঙ্গত, বৈষম্য-বিরোধী ছাত্র ও সংহতি জানানো জনতার যৌথ আন্দোলনের মুখে আ.লীগ সরকারের পতন হয় গত ৫ আগস্ট। এর তিনদিন পর বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। পরদিন এই সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়।
এর মধ্যে অনেক উপদেষ্টা তাদের অধীন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করে কর্ম-পরিকল্পনা ঠিক করেছেন।