, , ।
নিজস্ব প্রতিবেদক: কোটা আন্দোলনে সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় ২৪৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ২ হাজার ৮২২ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় নতুন করে মামলা হয়েছে ১৪টি। আটক করা হয়েছে ৫৮ জনকে। এদের বেশিরভাগই জামায়াত ও বিএনপির নেতাকর্মী এ তথ্য জানিয়েছে পুলিশ।
আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি এ সকল কথা জানিয়েছেন।
তিনি জানান, নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার পর্যন্ত ঢাকায় ২ হাজার ৮২২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছে ৫৮ জনকে।
মামলার বিষয়ে এডিসি নিয়তি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে মামলা হয়েছে ১৪টি। এসব মামলায় আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র্যাব। অভিযানে ঢাকায় ছয়জন ও ঢাকার বাইরে ২৪ জনসহ মোট ৩৩৪ জনকে গ্রেফতার করেছে র্যাব।