বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাজার থেকে ছেলের মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় শেফালী বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হন তার ছেলে ইব্রাহিম।
আজ মঙ্গলবার দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউপির ভাউলাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত শেফালী বেগম একই ইউপির মাঝিয়ালী গুচ্ছ গ্রামের জামাল হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে ইব্রাহিম তার মা শেফালী বেগমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ভাউলাগঞ্জ বাজারে কেনা-কাটার করতে যান। কেনাকাটা শেষে বাজার থেকে বাড়ি ফেরার সময় একটি ভ্যানকে পাশ কাটানোর সময় হঠাৎ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে মা শেফালী বেগম পাকা সড়কে ছিটকে পড়েন। এ সময় দেবীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক তার মাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান ৷ এ সময় স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন।
এ ঘটনায় দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) ট্রাকচাপায় ওই নারীর মৃত্যু বিষয় নিশ্চিত করেছেন ৷