সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে আজহারীর মাহফিল ঘিরে ৬৫ নারী পকেটমার আটক

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারার প্রস্তুতিকালে ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২৮ নভেম্বর) মাহফিলস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার মো. গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন। তাদের উদ্দেশ্য ছিল মাহফিলে আগত মানুষের পকেটমারা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
শনিবার বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে এ তাফসির মাহফিল শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন বিশিষ্ট ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারী।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর। আয়োজকদের ধারণা, এ মাহফিলে বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটতে পারে। বিপুলসংখ্যক মানুষের সমাগমকে কেন্দ্র করে পকেটমারার মতো অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬ | সময়: ৬:৩৩ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর