, , ।
স্টাফ রিপোর্টার: শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, বাস্তব জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া, আবেগ নিয়ন্ত্রণ, কার্যকর যোগাযোগ ও সমস্যা সমাধানের দক্ষতাও শিশুদের জন্য জরুরি। এসব বিষয়ে শিশুদের সচেতন ও আত্মবিশ্বাসী করে তুলতে রাজশাহীতে ২৫০ শিশুকে নিয়ে আয়োজন করা হয়েছে জীবনদক্ষতা শিক্ষা বিষয়ক বুট ক্যাম্প।
শনিবার নগরের রাজপাড়া এলাকায় রাজশাহী কোর্ট একাডেমিতে এ কর্মসূচির আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহী শহর এডিপি। এতে ৯ থেকে ১১ বছর বয়সী ২৫০ শিশু অংশ নেয়। ১০টি বুথে ২৫ জন করে শিশুকে হাতে-কলমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বুট ক্যাম্পে শিশুদের জীবনদক্ষতা ও আত্মসচেতনতা, সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর যোগাযোগ, আন্তব্যক্তিক সম্পর্ক ও আবেগ নিয়ন্ত্রণ, সমস্যা সমাধান এবং শিশু অধিকার ও সহমর্মিতা—এই পাঁচটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণমূলক আলোচনা, বিভিন্ন কার্যক্রম ও কুইজের মাধ্যমে শিশুদের কাছে বিষয়গুলো সহজ ও আনন্দদায়কভাবে তুলে ধরা হয়।
সকাল ৮টায় নিবন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে উদ্বোধনী পর্ব শেষে সকাল সোয়া ৯টা থেকে বুথভিত্তিক প্রশিক্ষণ ও আলোচনা শুরু হয়। এতে শিশুদের নিজেদের চিন্তাভাবনা প্রকাশ, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব তৈরিতে উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেন। তিনি বলেন, শিশুদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের বাস্তব জীবনের জন্যও প্রস্তুত করতে হবে। ছোটবেলা থেকেই সঠিক সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান, যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক তৈরির দক্ষতা শেখানো জরুরি।
তিনি আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ শিশুদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করে তুলবে। শিশুদের জীবনদক্ষতা বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়ালিয়া থানা শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও কোর্ট একাডেমি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহী শহর এডিপির সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম।
পরে জীবনদক্ষতা বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সেশন পরিচালনা করেন সংস্থাটির সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা নীলু বেগম ও প্রোগ্রাম কর্মকর্তা রিপন হালদার। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হয়। অনুষ্ঠান সমন্বয় করেন মোহনা সংমা, অর্জুন রায়, আব্রাহাম, সুবাস মন্ডল, মার্সিয়া, জুই কস্তা ও ফিলিপ।