, , ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: পরিবহন মালিক গ্রুপের নামে অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ বাস বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বুধবার সকালে জেলা থেকে ঢাকাসহ দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
বুধবার সকাল থেকে আকস্মিক ভাবে চাঁপাইনবাবগঞ্জের কোনো দূরপাল্লার রুটেই বাস ছেড়ে যায়নি। ফলে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বাস টার্মিনালে এসে অপেক্ষা করছেন অনেক যাত্রী। কেউ কেউ বাধ্য হয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবহন মালিক গ্রুপের নামে আগে বাস প্রতি ৩০ টাকা করে চাঁদা নেওয়া হতো। কিন্তু হঠাৎ করেই সেই চাঁদার পরিমাণ ১৩০ টাকা নির্ধারণ করা হয়। দূরপাল্লার বাস মালিকরা উল্লেখিত চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে বুধবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয়। এতে চাঁপাইনবাবগঞ্জ থেকে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেকেই কাউন্টারে এসে গন্তব্যে যেতে না পেরে বাসায় ফিরে যাচ্ছেন।
যাত্রীরা জানান, হঠাৎ করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় তারা চরম বিপাকে পড়েছেন। অনেকেই জরুরি কাজে ঢাকা, রাজশাহীসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বাস টার্মিনালে এসে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। কিন্তু বাস না ছাড়ায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেউ কেউ বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাওয়ার চেষ্টা করছেন। দ্রুত মালিকপক্ষের বিরোধ মিটিয়ে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হামিদুল রহমান নান্নু বলেন, “দূরপাল্লার বাসগুলোতে রাজশাহী ও নাটোর মালিক সমিতি ১৩০ টাকা করেই চাঁদা আদায় করেন। সেই অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জে পরিবহন মালিক গ্রুপ ১৩০ টাকা চাঁদা নির্ধারণ করেছে।” বাস চালু রাখার ব্যাপারে দূরপাল্লার পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু সালেহ মুসা জঙ্গি বলেন, “চাঁদা আদায় নিয়ে দুপক্ষের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।”