সুরমা নদী থেকে মা ও ১১ মাস বয়সী মেয়ের মরদেহ উদ্ধার

সানশাইন ডেস্ক: সিলেটে নিখোঁজের পর সুরমা নদী থেকে এক নারী ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সোবানীঘাট পুলিশ ফাঁড়ির এসআই শিপলু চৌধুরী।
নিহতরা হলেন- মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) এবং তার ১১ মাস বয়সি মেয়ে জয়স্মিতা। তারা নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের চণ্ডীপুল এলাকার পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী ও মেয়ে। জীবনানন্দ বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘‘আমার স্ত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। আমাদের ১১ মাস বয়সি মেয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তার বয়স যখন মাত্র তিন মাস, তখনই এ রোগ ধরা পড়ে। এরপর থেকে মেয়ের অসুস্থতা ও ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে আমার স্ত্রী সবসময় দুশ্চিন্তায় থাকতেন। মেয়েকে সারাজীবন রক্ত দিতে হবে, বিভিন্ন ধরনের চিকিৎসা করাতে হবে এমন চিন্তা থেকে তিনি হতাশ হয়ে পড়েছিলেন।
“স্ত্রীর মানসিক অবস্থার উন্নতির জন্য আমি বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েছি। চার-পাঁচ দিন আগেও তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধানের কাছে নিয়ে গিয়েছিলাম। এর আগে চিকিৎসক সিদ্ধার্থ পালের কাছেও চিকিৎসা করিয়েছি। বিভিন্ন ওষুধ সেবন করানো হলেও তার অবস্থার তেমন উন্নতি হয়নি।’’
তিনি বলেন, ‘‘মঞ্জুশ্রী বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।” তবে স্ত্রী সঙ্গে কোনো ধরনের মনোমালিন্য বা পারিবারিক বিরোধ ছিল না বলেও দাবি করেছেন জীবনানন্দ বিশ্বাস। এসআই শিপলু চৌধুরী বলেন, “মা ও মেয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’’


প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬ | সময়: ৭:১৭ পূর্বাহ্ণ | সুমন শেখ