, , ।
নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা পৌরসভা মোড়ে আবারও সড়ক দুর্ঘটনায় ইটবোঝাই ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় অটোচার্জার ভ্যান থেকে ছিটকে পড়ে দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল আনুমানিক ১১টা ৫ মিনিটে নলডাঙ্গা ব্রিজের দক্ষিণ পাশের পৌরসভা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, নলডাঙ্গা উপজেলার বাঁশিলা ফৌজদারপাড়া এলাকার মৃত কান্দু প্রামানিকের ছেলে সাইফুল ইসলাম (৭০) ও তার স্ত্রী ফজিলা বেগম (৬১)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ও তার স্ত্রী অটোচার্জার ভ্যানে করে নলডাঙ্গা বিসমিল্লাহ হাসপাতালে যাচ্ছিলেন। পথে পৌরসভা মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা ইটবোঝাই ইঞ্জিনচালিত একটি ট্রলি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তারা ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নলডাঙ্গা বিসমিল্লাহ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে নলডাঙ্গার এস আই কাঞ্চন কুমার জানান, অভিযুক্ত ট্রলিকে আটক করে থানায় নেয়া হয়েছে। ট্রলির ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, নলডাঙ্গা ব্রিজের দক্ষিণ পাশের পৌরসভা মোড়টি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। স্থানীয়দের অভিযোগ, ব্রিজের ঢালু অংশে অবৈধ দোকানপাট এবং অপরিকল্পিতভাবে ভ্যান ও অটোরিকশার স্ট্যান্ড গড়ে ওঠায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিশেষ করে নলডাঙ্গায় সপ্তাহে দুই দিন হাট বসায় ওই এলাকায় যানজট আরও তীব্র আকার ধারণ করে।
বিষয়টি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই স্থান থেকে ভ্যান-রিকশার স্ট্যান্ড অপসারণের বিষয়টি গুরুত্ব দিয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অন্যদিকে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও অপরিকল্পিত স্ট্যান্ডের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টির বিষয়টি তুলে ধরা হয়েছে।
স্থানীয়দের দাবি, ওই স্থানে অতীতেও দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। তাই নতুন করে বড় কোনো দুর্ঘটনা কিংবা প্রাণহানি এড়াতে ব্রিজের ঢালুর মুখে অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং ভ্যান ও অটোরিকশার স্ট্যান্ড দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া জরুরি। তাদের মতে, কার্যকর উদ্যোগ না নিলে এ এলাকায় দুর্ঘটনা ও যানজট কমানো কঠিন হয়ে পড়বে।