সর্বশেষ সংবাদ :

নগর জীবনে জনদূর্ভোগ: অসময়ের বৃষ্টিতে ধানে ক্ষতির শঙ্কা

সবুজ ইসলাম: শীতের আগমনী আমেজের মধ্যেই হঠাৎ বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজশাহীর জনজীবন। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া থেমে থেমে বৃষ্টি শনিবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, ভ্যান-রিকশাচালক, দিনমজুর। তবে জনদুর্ভোগের পাশাপাশি সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। মাঠে পেকে থাকা আমন ধান ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে সরিষা ও শীতকালীন সবজির আবাদেও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
শনিবার সকাল থেকেই রাজশাহীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মাঝারি বৃষ্টিতে স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয়। বৃষ্টির কারণে সড়কে মানুষের চলাচল কমে যায়। জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েও পর্যাপ্ত যাত্রী ও কাজ না পেয়ে হতাশ হয়ে পড়েন ভ্যান-রিকশাচালক ও দিনমজুররা। শুক্র ও শনিবার দুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়নি শিক্ষার্থীদের।
তবে কৃষকদের দুশ্চিন্তার বড় কারণ মাঠে থাকা পাকা আমন ধান। অনেক কৃষক ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন, আবার কোথাও কেটে রাখা ধান এখনো মাড়াই বা শুকানোর অপেক্ষায় রয়েছে। বৃষ্টিতে এসব ধান ভিজে যাওয়ায় গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। পাশাপাশি জমিতে পানি জমে সরিষার চারা ও ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মুলা এবং ধনিয়াসহ বিভিন্ন শীতকালীন ফসলের ক্ষতির শঙ্কাও রয়েছে। জেলার পবা উপজেলার কৃষক গোলাম রসুল বলেন, ‘ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হলো। জমিতে পানি জমে গেলে পাকা ধান ও সরিষার চারার ক্ষতি হতে পারে। বৃষ্টি না থামা পর্যন্ত মাঠে নামাও যাচ্ছে না।’
একই উপজেলার কৃষক ইয়াকুব আলী বলেন, ‘দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে। মাঠে আমাদের কেটে রাখা ধান রয়েছে। এভাবে বৃষ্টি চলতে থাকলে ধান নষ্ট হতে শুরু করবে। এখন ধান নিয়ে আমরা বেশ বিপাকে আছি।’
নওহাটা পৌরসভার পিল্লাপাড়া গ্রামের কৃষক আলআমিন বলেন, ‘অল্প বৃষ্টি হলে তেমন সমস্যা হতো না। কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে, তাতে জমিতে লাগানো ফুলকপির ক্ষতির আশঙ্কা রয়েছে। বৃষ্টির কারণে গাছের গোড়ায় পানি জমলে পচনসহ নানা রোগের আক্রমণ হতে পারে।’
এদিকে বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিন এনে দিন খাওয়া মানুষ। রাজশাহী মহানগরীর নিউমার্কেট এলাকার ভ্যানচালক গোপাল দাশ বলেন, ‘সকাল থেকে বৃষ্টি হওয়ায় রাস্তায় যাত্রী কম। কাজও মিলছে না। সারাদিন বৃষ্টিতে ভিজে ভ্যান চালিয়েও যে আয় হচ্ছে, তাতে সংসারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে।’ নগরীর ভদ্রা এলাকার রাজমিস্ত্রি আতোয়ার আলী বলেন, ‘সকালে কাজের সাইটে গিয়ে আবার ফিরে এসেছি। বাইরে কাজ ছিল, কিš‘ বৃষ্টির কারণে কাজ করা সম্ভব হচ্ছে না। এভাবে বৃষ্টি চলতে থাকলে আমাদের মতো শ্রমজীবী মানুষের খুব সমস্যা হবে।’
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন বলেন, ‘বৃষ্টির কারণে কৃষিতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব নয়। আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর অন্তত দুই দিন মাঠ পর্যবেক্ষণ করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’
তিনি বলেন, ‘যেসব জমিতে ধান কেটে রাখা হয়েছে, সেসব ধানের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া যেসব সবজিক্ষেতে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা নেই, সেসব জমিতে পানি জমে ফসলের ক্ষতি হতে পারে।’
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষক রহিদুল ইসলাম জানান, শনিবার সকাল ৯টা পর্যন্ত রাজশাহীতে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলমান এ বৃষ্টি ৭২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে শুরু করবে বলে পূর্বাভাস রয়েছে।
সব মিলিয়ে অসময়ের এ বৃষ্টি একদিকে যেমন নগরজীবনে দুর্ভোগ বাড়িয়েছে, অন্যদিকে ফসল ঘরে তোলার গুরুত্বপূর্ণ সময়ে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বৃষ্টি দীর্ঘায়িত হলে আমন ধান ও শীতকালীন ফসলের ক্ষতির পাশাপাশি কৃষকের উৎপাদন খরচ ও আর্থিক লোকসান বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬ | সময়: ৬:৪৩ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর