সর্বশেষ সংবাদ :

চাটমোহরে রসুন চাষে ব্যস্ত কৃষি শ্রমিকরা

চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলায় বিনাহালে রসুন আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষি শ্রমিক ও কৃষকেরা। বিগত বছর রসুনের দাম ভালো পাওয়ায় কৃষক এবারও রসুন রোপনে ঝুঁকেছেন। আমন ধান কাটার জমির খড় পরিস্কার করে ভেজা জমিতে রসুন রোপন করা হচ্ছে। এজন্য কোন হাল-চাষ করতে হয়না। রসুন রোপনের পর জমি নাড়া (খড়) দিয়ে ফের ঢেকে দেওয়া হয়। অন্যান্য ফনলের চেয়ে রসুনের ফলন ও দাম বেশি পাওয়ায় কৃষকেরা এবছরও রসুনের আবাদে ঝুঁকেছেন। সাদা সোনা বলে খ্যাত রসুন এখন চাটমোহর সহ চলনবিল অঞ্চলের অন্যতম অর্থকরী ফসল।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চাটমোহর উপজেলায় ৪ হাজার ৭০০ হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষিশ্রমিক, কৃষকের পাশাপাশি কিষাণীরাও রসুন আবাদে বাড়িতে ও মাঠে কাজ করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানালেন, বর্তমানে চাটমোহর উপজেলায় রসুন একটি অন্যতম প্রধান অর্থকরী ফসল। খরচ কম ও অধিক লাভ হওয়ায় কয়েক বছর ধরেই এই ফসলের আবাদে ঝুঁকেছেন চাষিরা। এ উপজেলায় বিনাহালে রসুন আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে সরিষা, ভুট্টা, গম ও ধানের বাজারদর বেড়ে যাওয়ায় অনেক কৃষক রসুন আবাদের পরিবর্তে গম বা ভুট্টা আবাদে ঝুঁকেছেন। কৃষি বিভাগ থেকে রবি মৌসুমে কৃষকদের সব ধরণের সহযোগিতা করা হচ্ছে।


প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬ | সময়: ৬:১৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর