, , ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় রবি শস্য চাষের শুরুতেই রাসায়নিক সারের সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় সার না পেয়ে সময়মতো বীজ বুনতে পারছেন না কৃষকরা। তাতে প্রস্তুত করা জমি নষ্ট হওয়ার আশঙ্কার পাশাপাশি চলতি মৌসুমে রবি শস্যের আবাদ ব্যাহত হওয়ার দুশ্চিন্তায় পড়েছেন তারা।
সার নিতে গিয়ে সারা রাত্রি লাইনে দাঁড়িয়ে মিলছে না সার। বিভিন্ন এলাকায় বিকাশে অতিরিক্ত টাকার মাধ্যমে চলছে সার সিন্ডিকেট ব্যবসা। কোন কোন এলাকায় ডিলার পয়েন্টে কৃষকদের সাথে হাতাহাতি ঘটনা ঘটছে। বাধ্য হয়ে কেউ কেউ খুচরা বাজার থেকে চড়া দামে রাসায়নিক সার কিনছেন।
দেশে সারের পর্যাপ্ত মজুত থাকার সরকারি দাবি ও মাঠপর্যায়ে সংকটের বাস্তব চিত্র নিয়ে কৃষকরা নানা ধরনের ভোগান্তির মধ্যে রয়েছেন। কৃষি মন্ত্রণালয় ও প্রশাসনের দাবি অনুযায়ী দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে বাগমারা ও তার আশেপাশে উপজেলায় কৃষকরা সময়মতো ডিলার পয়েন্টে সার না পাওয়ার অভিযোগ করছেন।
বরেন্দ্র অঞ্চল নামে খ্যাত রাজশাহীর বাগমারা ও তার পার্শ্ববতি এলাকায় রবি শস্য চাষের প্রস্তুতি নিতে কৃষকরা মাঠে ফিরছেন। কিন্তু ঠিক তখনই দেখা দিয়েছে সারের চরম সংকট দেখা দিয়েছে। জমি চাষ ও বীজতলা প্রস্তুত করতে শ্রম ও অর্থ ব্যয় করেও প্রয়োজনীয় সার না পাওয়ায় বিপাকে পড়েছেন তারা।
সরেজমিনে উপজেলার বালানগর, মোহম্মাদপুর, দেউলিয়া, নন্দনপুর, কাচারিকোয়ালীপাড়া, বালিয়া, ঝিকরা, দরগামাড়িয়াসহ বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক বছরের তুলনায় এবার বিলের পানি আগে নেমে যাওয়ায় অধিকাংশ জমি চাষ উপযোগী হয়েছে।
এ সুযোগ কাজে লাগিয়ে কৃষকরা দ্রুত জমি চাষ করে সরিষা, আলু, পেঁয়াজ, ভুট্টা, কালাইসহ বিভিন্ন রবি শস্য আবাদের ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। তবে জমি প্রস্তুত করেও প্রয়োজনীয় রাসায়নিক সার না পাওয়ায় বীজ বপন নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। উপজেলার বালানগর গ্রামের আব্দুল মান্নান (৫৬) বলেন, এবার পানি দ্রুত নেমে যাওয়ায় জমি জেগে উঠেছে। হালচাষ করে চার দিন ধরে জমি বীজ বপনের উপযোগী করে রেখেছি। কিন্তু কোথাও সার পাচ্ছি না। এভাবে চলতে থাকলে সারের অভাবে প্রস্তুত করা জমি নষ্ট হয়ে যাবে।
একই ভাবে এলাকার কৃষক আলতাফ হোসেন (৪৮) দুঃখ প্রকাশ করেন, তার ২ বিঘা জমি সরিষাচাষের জন্য ডিএপি সার প্রয়োজন। গত রবিবার নিজ ইউনিয়নের ডিলারের কাছে সার নিতে গেলেও পাননি। ডিলার তাকে আরও কয়েক দিন অপেক্ষা করতে বলেছেন। ফলে সার না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে আসতে হয়েছে তাকে। কৃষক মোজাম্মেল হক জানান, রাতে মশার কামড় খেয়ে লাইনে থেকে কোন মত এক বস্তা ডিএপি, ও এক বস্তা পটাশ সার মিলেছে। আমি পেলেও অনেকে না পেয়ে খালি হাতে বাড়ি ফিরছেন বলে জানান তিনি।
গ্রামের কৃষক ময়েন উদ্দিন (৪৫) জানান, ‘ভুট্টা চাষের জন্য জমি প্রস্তুত করেছি। তবে সারের অভাবে বীজ বপন করতে পারছি না। প্রতি বিঘা জমিতে যেখানে ৪০-৪৫ কেজি সার প্রয়োজন, সেখানে ডিলাররা ১ বস্তা করে সার নিতে বলছেন। তাতে করে তার সারের চাহিদার সামান্যতম পুরন হবে না। একই ভাবে কৃষক কাজেম আলী, সাবুল উদ্দিন. চয়েন উদ্দিনসহ কয়েকজন বলেন, চাহিদার তুলনায় সার খুবই নগণ্য। এমন সংকট চলমান থাকলে চাষাবাদে বড় ধরনের সমস্যায় পড়তে হবে আমাদের। মাড়িয়া ইউনিয়নের কাসেম আলী (৪০) ক্ষোভ প্রকাশ করেন, সপ্তাখানেক আগে জমি প্রস্তুত করে রেখেছি। কিন্তু কোন সার তিনি পাননি। সার পাওয়ার জন্য বারবার ডিলারদের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু তারা সার দিতে পারছেন না। তিনি বলেন, ডিলাররা জানিয়েছেন, পরিমিত সার বরাদ্দ নেই। যা ছিল তা দেয়া হয়ে গেছে। আগামী সপ্তাহে সার পাওয়া যেতে পারে। ফলে প্রয়োজনীয় সার না থাকায় সময়মতো রবি শস্যের বীজ বপন করতে পারছেন না। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তিনি। স্থানীয় কৃষকদের দাবি খোলা বাজারে সার দেয়া হলে তাতে কোন সংকট দেখা দিবে না। অনেক কৃষকের অর্ধেক বস্তা সার প্রয়োজন হলে সে তা পাচ্ছে না। ওই কৃষক বাধ্য হয়ে পুরা বস্তা সার ক্রয় করছে। এমনি ভাবে যে এলাকায় রবি শস্য কম সে এলাকার সার সুষম বন্টনের অভাবে পুরাটা ভোগ করছে। কোন এলাকার সার বাইরের উপজেলায় না নেয়ার আইনি জটিলতায় ঘাটতি পুরন হচ্ছে না। অনেক এলাকায় সার নিয়ে বিকাশ সিন্ডিকেট হচ্ছে। রাতে সিরিয়াল দিয়েও সার না পেয়ে হাতাহাতির ঘটনা ঘটছে। ফলে রবি মৌসুমে বরেন্দ্র এলাকায় সার নিয়ে কৃষকরা বেকায়দায় পড়েছেন।
উপজেলা কৃষিকর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, কৃষকেরা নির্ধারিত মাত্রার চেয়ে বেশি সার ব্যবহার করছেন। প্রতি বিঘা জমিতে ১৫ কেজি ফসফেট সার ব্যবহারের নিয়ম থাকলেও কৃষকেরা প্রায় ৩০ কেজি ব্যবহার করছেন। এতে সারের চাহিদা বেড়ে সংকট তৈরি হচ্ছে। এছাড়া সরকারী বরাদ্দ কম, বরাদ্দ বেশী নিতে যোগাযোগ করা হচ্ছে পেলে সার সংকট থাবে না বলে জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজুু তামান্না এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে জানান, অনেক জায়গায় ডিলার পয়েন্টে সারের সুষম বন্টন নিয়ে সমস্যা হওয়ায় সেখানে খোজখবর নিচ্ছি, যাতে কেউ বেশি না নিতে পারে আবার কেউ বঞ্চিত না হয়। এছাড়া বিশেষ বরাদ্দ বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে।