কালাইয়ে আমন ধানের ন্যায্য মুল্য থেকে বঞ্চিত কৃষকরা

মোকাররম হোসাইন, কালাই: কালাই উপজেলার বিস্তীর্ণ মাঠে কৃষিজমিতে এখন সোনালি আমন ধানের সমারোহ। কোথাও ধান কাটছেন কৃষক,কোথাও চলছে আঁটি বাঁধা, মাড়াই ও শুকানোর কাজ। মাঠজুড়ে ভালো ফলনের দৃশ্য থাকলেও কৃষকের মনে নেই প্রত্যাশিত আনন্দ। উৎপাদন খরচের ঊর্ধ্বগতি আর বাজারে ধানের কম দাম তাদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
কৃষকদের আশঙ্কা, উৎপাদন ব্যয়ের তুলনায় ধানের বিক্রিমূল্য কম থাকলে আগামী মৌসুমে চাষাবাদ অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে। অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ঋণ নিয়ে জমিতে ফসল ফলান। ধান বিক্রির পর ঋণ পরিশোধ, শ্রমিকের মজুরি এবং কৃষি উপকরণের বকেয়া মেটাতে গিয়ে তাদের হাতে তেমন অর্থ অবশিষ্ট থাকে না।
কালাই উপজেলার কৃষি অফিসে তথ্য মতে, চলতি রোপা আমন মৌসুমে ১১ হাজার ৯শ’ ৫০ হেক্টর জমিতে আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সরেজমিনে গিয়ে দেখা যায়, এ উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ আমন ধানের ভালো ফলন কৃষকদের শ্রমের সার্থকতা তুলে ধরলেও আর্থিক স্বস্তি ফিরিয়ে আনতে পারছে না। সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বাবদ ক্রমবর্ধমান ব্যয় তাদের লাভের হিসাবকে অনিশ্চিত করে তুলেছে। বিশেষ করে ছোট ও প্রান্তিক কৃষকেরা উৎপাদন খরচ তুলতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের উৎপাদিত ধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু ফসল ঘরে তোলার পরও ন্যায্য মূল্য পাওয়ার নিশ্চয়তা না থাকায় হতাশা বাড়ছে কৃষকদের মধ্যে।
স্থানীয় কয়েকজন কৃষকরা বলেন, চলতি মৌসুমে শুরুতে ধান প্রতিমণ ১৪০০টাকা বিক্রি হলে ও এখন প্রতিমণ ধানে ২০০-৩০০ টাকা কম। স্থানীয় বাজারে কালাই পাঁচশিরা, পুনট, মোলামগাড়ী, নুনুজ, হাতিয়রসহ কয়েকটি হাটবাজারে কৃষকেরা জানাচ্ছেন, প্রতি মণ ধান বিক্রি হচ্ছে মাত্র ১১২০ থেকে ১১৫০ টাকায় যা সরকারি দামের তুলনায় অনেক কম।
এ উপজেলার কৃষক মুমিনুল হক বলেন, বৃষ্টির অভাবে মৌসুমের বিভিন্ন সময়ে জমিতে পানির সংকট দেখা দিয়েছে। অনেক জমিতে সেচ দিতে হয়েছে। এতে বাড়তি খরচের পাশাপাশি ফসলের পরিচর্যাও ব্যাহত হয়েছে।তিনি আরও বলেন, আমি এবার পাঁচবিঘা জমিতে আমন ধান চাষ করেছি। এবং সারও কীটনাশকের দাম এমনিতে বেশি। উচ্চ মজুরি দিয়ে ও শ্রমিক পাওয়া যায় না। এ অবস্থায় আমরা যদি ধানের ন্যায্য দাম না পাই তাহলে কোথায় যাব। এবং সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছ।
এ উপজেলার আরেক কৃষক আব্দুল আলিম চৌধুরী বলেন, ধান চাষে জমি প্রস্তুত, সার, বীজ, কীটনাশক ও সেচের পেছনে আগেই অনেক টাকা খরচ হয়েছে। এখন ধান কাটার সময় শ্রমিকের মজুরি বেড়েছে। ধান ঘরে তুলতে গিয়ে উৎপাদন খরচ আরও বাড়ছে। বাজারে ধানের ন্যায্য মূল্য না পেলে এত কষ্ট করেও লাভের মুখ দেখা কঠিন হবে।
হাতিয়র বাজারে ধান ব্যবসায়ী এনামুল বলেন, গত মৌসুমের ধান-চাল এখনো মজুত থেকে গেছে। মিলাররাও এখনো নতুন ধান কেনা শুরু করেননি। এ জন্য ধানের বাজার নিম্নমুখী।
কালাই উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুনুর রশিদ বলেন,এ বছর আমনের আবাদ ভালো হয়েছে। মাঠের বিভিন্ন এলাকা পরিদর্শন করে ধানের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। কিছু এলাকায় রোগবালাই ও পানির সংকটের কারণে ক্ষতি হলেও প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকদের তা পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হবে বলে আশা করা হচ্ছে।


প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬ | সময়: ৩:১১ পূর্বাহ্ণ | সুমন শেখ