এক লাখ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের বাঘায় ভেজাল ওষুধে আগুন

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় দুটি অবৈধ ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে কর্মচারীদের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন কারখানার মালিক। ইতিমধ্যে উদ্ধার করা বিপুল পরিমাণ ওষুধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। কারখানা হিসেবে ব্যবহৃত দুটি ভাড়া বাড়ি সিলগালা করা হয়েছে।
স্থানীয়দের দাবি, ফেসবুকে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে এসব নকল ওষুধের ব্যবসা পরিচালিত হতো।
এলাকাবাসী জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দিয়ে জটিল রোগের নিশ্চিত সমাধানের কথা প্রচার করা হতো। এসব বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে অনেকেই ওষুধ কিনছেন। অথচ ওষুধগুলোর বৈধতা, উৎপাদনপ্রক্রিয়া ও স্বাস্থ্যসম্মত মান নিয়ে রয়েছে গুরুতর প্রশ্ন? বিজ্ঞাপনের নিচে হাতে গোনা দু’একজন ছাড়া অনেক ক্রেতাকে ওষুধ সেবনে কোনো উপকার না পাওয়ার অভিযোগ করতেও দেখা গেছে। এমন পরিস্থিতিতে রাজশাহীর বাঘা উপজেলার তেঁথুলিয়া এলাকায় দুটি ভাড়া বাড়িতে গড়ে তোলা অবৈধ ওষুধ কারখানায় অভিযান চালান উপজেলা প্রশাসন, পুলিশ ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা। তাঁরা বৈধ কাগজপত্র দেখাতে না পাওয়ায় কারখানায় মজুত বিপুল পরিমাণ ওষুধ খোলা জায়গায় আগুনে পুড়িয়ে ধ্বংস করেন। এ ঘটনায় কারখানার সাত কর্মচারীর কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয় চলতি মাসের ৪ নভেম্বর। তবে এখনো খোঁজ মেলেনি মালিকপক্ষের।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর উপজেলার তেঁথুলিয়া বাজারের উত্তর পাশে একটি ভাড়া বাড়িতে অভিযান চালায় পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিককে না পেয়ে সেখানে কর্মরত সাত কর্মচারীর কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা। বাড়িটি সিলগালাও করা হয়। পরদিন তারা আরও একটি বাড়িতে একই ধরনের কারখানার সন্ধান পান। দুটি কারখানার মালিক নাটোরের রেজাউল করিম বলে জানা গেছে।
তিনি নাটোরের খোলাবাড়িয়া ইউনিয়ন থেকে ‘নাটোর ভেষজ মার্ট’ নামে একটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তবে ওষুধ উৎপাদনের জন্য প্রয়োজনীয় বৈধ অনুমোদন ও কাগজপত্র দেখাতে না পারায় প্রশাসন এ ব্যবস্থা নেয়। অভিযানের সময় কারখানার মালিক রেজাউল করিমকে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, তাঁর মুঠোফোন নম্বরও বন্ধ পাওয়া গেছে। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
প্রশ্ন উঠেছে, কর্মচারীদের জরিমানা ও ওষুধ ধ্বংসের মধ্যেই কি অভিযান শেষ হবে, নাকি নেপথ্যের মালিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে? এদিকে কারখানায় ব্যবহৃত কাঁচামাল নিয়েও উঠেছে উদ্বেগজনক অভিযোগ। আটক কর্মচারীদের জবানবন্দি সূত্রে জানা গেছে, বয়লার মুরগির ফিট বা চর্বি ব্যবহার করে এসব ওষুধ তৈরি করা হতো। তবে অভিযোগটির সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরীক্ষাগারে নমুনা পরীক্ষা ও প্রতিবেদন প্রয়োজন। এ বিষয়ে পরীক্ষার কোনো প্রতিবেদন পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, এই ব্যবসার সঙ্গে কিছু প্রভাবশালী ব্যক্তি ও অসাধু সংবাদকর্মীর যোগাযোগ ছিল। এমনকি মাসোহারা লেনদেনের অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তাই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন এলাকার লোকজন ও বাড়ির মালিক। প্রশ্ন হচ্ছে, একটি কারখানায় বিপুল পরিমাণ ওষুধ উৎপাদন ও মজুত থাকা সত্ত্বেও এর মূল মালিক কীভাবে ধরাছোঁয়ার বাইরে থাকেন? এসব ওষুধ কোথায় বাজারজাত করা হয়েছে, কারা ফেসবুকের মাধ্যমে বিক্রি করেছেন এবং কত মানুষ এসব ওষুধ সেবন করেছেন-তা নিয়ে। কারণ, ওষুধ মানুষের জীবন বাঁচানোর উপকরণ, প্রতারণার হাতিয়ার নয়। তাই শুধু কর্মচারীদের জরিমানা কিংবা অবৈধ ওষুধ ধ্বংস করেই প্রশাসনের দায়িত্ব শেষ হতে পারে না। কারখানার মালিক, অর্থের জোগানদাতা ও বিপণন চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এখন সময়ের দাবি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা জানান, প্রথম দিন ভেজাল ওষুধের সন্ধান পেয়ে অভিযান চালিয়ে কর্মচারীদের জরিমানা করা হয় এবং বাড়িটি সিলগালা করে দেওয়া হয়। পরদিন সন্ধ্যায় ড্রাগ অধিদপ্তরের একজন কর্মকর্তা উপস্থিত হলে উদ্ধার করা ভেজাল ওষুধগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। বর্তমানে কারখানার মালিককে খুঁজছে পুলিশ।


প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬ | সময়: ৩:১০ পূর্বাহ্ণ | সুমন শেখ