, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ১৪৩৩। সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের আয়োজনে এই উৎসব উদযাপিত হয়। কৃষি অনুষদ ভবন প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে মেতে ওঠেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
নবান্ন এদেশের শত শত বছরের প্রাচীন লোকসংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। কৃষকের ঘরে হেমন্তের নতুন ধান কাটার আনন্দ আর নতুন চালের পিঠাপুলির উৎসবই নবান্ন। এই সময়ে বাংলার প্রকৃতিতে গ্রামীণ সংস্কৃতির আবহ ফিরিয়ে আনতে এ আয়োজন করে বিভাগটি। উৎসবের শুরুতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এই আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশিদ।
উদ্বোধনের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। শিক্ষার্থীরা নিজেদের স্টলে হরেক রকমের ঐতিহ্যবাহী ও সুস্বাদু পিঠা সাজিয়ে বসেন। স্টলগুলোতে শোভা পায় চিতই পিঠা, পাটিসাপটা, নকশি পিঠা, পুলি পিঠা, দুধচিতই, আন্দাসা ও পাকান পিঠার মতো গ্রামবাংলার ঐতিহ্যবাহী সব পিঠা। পিঠা উৎসবের উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় এবং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কৃষি অনুষদ ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কৃষি অনুষদ ভবনের সামনে এসে শেষ হয়। আয়োজনে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম বলেন, ‘নবান্ন উৎসবের সাথে মিশে আছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য। মাঠের সোনালী ফসলে কৃষকের হাসির প্রতিফলন ঘটে এই উৎসবের মাধ্যমে। কৃষক অক্লান্ত পরিশ্রম করে যে ফসল ফলায় আমরা সেটা ভোগ করি এবং আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আধুনিকতার এই যুগে নবান্ন উৎসব হারিয়ে যেতে বসেছে। তবে এই উৎসবকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই বিভাগটি।’
বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ধান গবেষণার কাজে আরও বেশি উদ্যোমী হবে আশা ব্যক্ত করে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশিদ বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে যাবে আজকের নবান্ন উৎসব। এখানে অনেক গবেষক আছেন, যারা নতুন জাতের ধান উৎপাদনে অবদান রেখেছেন। আমরা চাই তাদের এই প্রচেষ্টা ও কার্যক্রম অব্যাহত থাকুক। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকলে বিদেশেও আমরা চাল রপ্তানি করতে পারব।’ আয়োজনের সভাপতি অধ্যাপক মাহমুদুল হাসান বলেন, ‘নবান্ন বাংলাদেশের কৃষি ঐতিহ্যের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। আমাদের এই হাজার বছরের ঐতিহ্য আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে। তাই এটিকে ধরে রাখার জন্য নতুন প্রজন্মের সাথে এ উৎসব উদযাপন করি।’