সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত-৩

ইমাম হোসেন, সানশাইন:

রাজশাহীর পুঠিয়া উপজেলার মোল্লাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মাত্র ১৪ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সমাধান না হওয়ায় সকাল সাড়ে সাত টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। সম্পর্কে তারা সবাই একে অপরের আত্মীয়।

সংঘর্ষে আহতরা হলেন চয়েন উদ্দিন (৪৫), আয়েন উদ্দিন (৫৫) ও শাকিল আলী (৩৫)। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।

দায়েম আলী বলেন, আমি ও চয়েন আমার ভাতিজা শাকিলের সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ সে দোকান থেকে হাসুয়া বের করে আমাদের হুমকি দিতে থাকে। তখন শাকিলকে আমি থাপ্পড় দেই। পরে তারা প্রস্তুতি নিয়ে এসে আশরাফ, শ্রাবণ, শাকিল ও আজাদ চয়েন ও আয়েনকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।

আহত চয়েন উদ্দিনের ছেলে জয় বলেন, আমার আব্বা ও চাচাকে ওরা এসে অতর্কিতভাবে হাতুড়ি ও হাসুয়া দিয়ে কুপিয়েছে।

অন্যদিকে শাকিল আলী বলেন, আমি দোকানদারি করছিলাম। হঠাৎ আমার চাচা ও জয়সহ আরও কয়েকজন এসে আমাকে দোকান থেকে চলে যেতে বলে। পরে ওরা আমাকে মেহগনি গাছের ডাল ও ইট দিয়ে মারতে শুরু করে। আমি আহত হয়ে বর্তমানে মেডিকেলে আছি। আর ওদেরকে কারা মারধর করেছে, বিষয়টি আমি জানি না।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার (ওসি) ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, শুনেছি মারামারি হয়েছে। সবাই মেডিকেলে ট্রিটমেন্ট নিতে গেছে। এখনো মামলা হওয়ার সময় আছে তারা চাইলে মামলা হবে। এখন পর্যন্ত থানায় মামলা বা অভিযোগ আসেনি।

ইমাম /শাহজাদা


প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬ | সময়: ৫:৫৪ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর