সর্বশেষ সংবাদ :

২৪৪ রানের বিশাল ব্যবধানে হার ভারতের

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিতে দাপট দেখিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার পর ওয়ানডেতেও ২-০ ব্যবধানে এগিয়ে ভারত। তৃতীয় ম্যাচ বৃষ্টির কারণে হয় পরিত্যক্ত। চতুর্থ ওয়ানডেতে ৩৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাট হেনরির করা বিধ্বংসী প্রথম ওভারেই ০ রানে ৩ উইকেট হারায় ভারত। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। হেনরির ক্যারিয়ারসেরা ২৭ রানে ৬ উইকেটে মাত্র ৮৯ রানে গুটিয়ে গেছে ভারট। ফলে ২৪৪ রানের বিশাল ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড। ভারতের এই হার তাদের ওয়ানডের ইতিহাসে বড় ব্যবধানে হারের তালিকায় দ্বিতীয়। ওয়ানডেতে ভারতের সবচেয়ে বড় পরাজয় ২৪৫ রানে। ২০০০ সালের ২৯ অক্টোবর শারজায় শ্রীলঙ্কার কাছে এই হারের মুখে পড়েছিল ভারত।
মাউন্ট মঙ্গানুইয়ে যেভাবে ০ রানে ৩ উইকেট হারিয়েছে ভারত। এমন দুর্বিষহ আগে কখনোই দেখেনি দলটি। তবে ওয়ানডে ক্রিকেটে এমন ঘটনা দেখা গেলো পঞ্চমবারের মতো। এই বছরই মিরপুরে বাংলাদেশের বিপক্ষে এমন বিব্রতকর অবস্থায় পড়েছিল অস্ট্রেলিয়া। এমন বিব্রতকত অবস্থায় বাংলাদেশও পড়েছে ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে শ্রীরঙ্কার বিপক্ষে। চামিন্দা ভাস ইনিংসের প্রথম ৩ বলেই আদায় করেন হ্যাটট্রিক। আর ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান এবং ১৯৮৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষেই পাকিস্তান ০ রানে প্রথম তিন উইকেট হারিয়েছিল। ইনিংসের প্রথম বলেই ফিন অ্যালেনের ক্যাচ বানান রোহিত শর্মাকে। পঞ্চম ও ষষ্ঠ বলে আউট করেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারকে। রোহিত ও শ্রেয়াস মারেন গোল্ডেন ডাক। দ্বিতীবার ওয়ানডেতে রোহিত ও কোহলি একই ম্যাচে ০ রানে আউট হয়েছেন। এর আগে, ২০১০ সালে প্রথমবার ডাম্বুলায় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য রানে আউট হন ভারতীয় দুই অভিজ্ঞ তারকা। এই চাপ সামাল দিতে ব্যর্থ হন ভারতের বাকি ব্যাটাররাও ঋতুরাজ গায়কোয়াড় আউট হন ৫ রান করে কাইল জেমিসনের বলে। ৯ রানে ৪ উইকেট হারায় ভারত।
এরপর ৪৪ রানের জুটি গড়েন ইশান কিষান ও অক্ষর প্যাটেল। ২১ রান করা অক্ষরকে ফিরিয়ে জুটি ভাঙেন ম্যাথু ফিশার। ৫৩ রানে ৫ উইকেট হারায় ভারত। ইশানও এরপর আউট হয়ে যান দিনের সেরা বোলার ম্যাথু হেনরি তাকে বোল্ড করলে। ২৭ রানে তিনি প্যাভিলিয়নে ফিরলে ৬১ রানে ৬ উইকেট হারায় সফরকারীরা। এরপর ম্যাথু ফিশার আরও একটি উইকেট নেন আকিব নবিকে আউট করে। তিনি ৫ রানে বিদায় নিলে ৬৬ রানে সপ্তম উইকেট হারায় ভারত। কুলদিপকে ফিরিয়ে নিজের ফাইফার পূর্ণ করেন হেনরি। এরপর নামান ধির আউট হন ফিশারের বলে। শেষ ব্যাটার গুরনার ব্রারকে বোল্ড করে নিজের ষষ্ঠ উইকেট শিকার করেন হেনরি। ৮৯ রানে অলআউট হওয়া ভারত চতুর্থ ওয়ানডেতে হারলো ২৪৪ রানের বিশাল ব্যবধানে। ব্ল্যাকক্যাপসদের হয়ে হেনরি ৬, ফিশার ৩ ও এক উইকেট নিয়েছেন জেমিসন। সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে একই ভেন্যুতেই আগামী ১৫ নভেম্বর। এর আগে, সিরিজের চতুর্থ ওয়ানডে ১২৫ রানের ইনিংস খেলেন উইল ইয়ং। তার ইনিংসে ভর করে ভারতকে ৩৩৪ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। শুক্রবার (১৩ নভেম্বর) মাউন্ট মঙ্গানুইতে ভারতের আমন্ত্রণে আগে ব্যাটিং করে নিউজিল্যান্ড। স্বাগতিকদের হয়ে ইয়ংয়ের সেঞ্চুরি ছাড়াও ফিফটি করেন সেইফার্ট।
উদ্বোধনী জুটিতে ৮৫ রান যোগ করেন টিম সেইফার্ট ও উইল ইয়ং। সেই জুটি ভাঙেন গুরনর ব্রার ৬৮ রান করা সেইফার্টকে ফিরিয়ে। তিনে নামা নিক কেলি ৪ রানে অক্ষর প্যাটেলের বলে ফিরে গেলে দ্রুত আরেক উইকেট হারায় নিউজিল্যান্ড। আকিব নবির বলে ডিন ফক্সক্রফট ৮ রানে আউট হন। ১২৫ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা। এরপর ওপেনার ইয়ং ১০০ রানের জুটি গড়েন ফিন অ্যালেনের সঙ্গে। ৩০ বলে টি-টোয়েন্টি মেজাজে ৫ চার ও দুই ছক্কায় ৪১ রান করে অক্ষর প্যাটেলের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে সাজঘরে ফিরলে ২১৫ রানে ৪ উইকেট হারায় কিউইরা। ফিনের বিদায়ের পরপরই ৮৮ বলে ১১ চার ও ৩ ছক্কায় শতক আদায় করে নেন ইয়ং। ১২৫ রান করে পঞ্চম ব্যাটার হিসেবে তিনি যখন সাজঘরে ফেরেন তখন স্বাগতিকদের বোর্ডে রান ২৫৬। নামান ধিরে বলে আউট হন তিনি। বোর্ডে আরও দুই রান যোগ হতেই মাইকেল ব্রেসওয়েল ১৫ রানে আউট হন গুরনর ব্রারের বলে। আউট হওয়া বাকি চার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৪ রান করেন অধিনায়ক মিচেল স্যান্টনার। ২২ রান আসে ক্রিশ্চিয়ান ক্লার্কের ব্যাট থেকে। ২ ও ১ রান করেন হেনরি ও ফিশার। ১৯ রানে অপরাজিত ছিলেন কাইল জেমিসন।
ভারতের হয়ে দুটি করে উইকেট পান আকিব নবি, গুরনর ব্রার ও অক্ষর প্যাটেল। একটি করে উইকেট শিকার করেছেন আর্শদিপ ও নামান ধির।


প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬ | সময়: ৬:৫০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর