সর্বশেষ সংবাদ :

কিশোর অটোচালক হত্যার রহস্য উদ্ঘাটন, হাতুড়ি ও অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৪

শাহালাল ইসলাম রাজশাহীঃ

রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর অটোচালক সিহাব রানা (১৬) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চারজনকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লস্করহাটী গ্রামের মো. ইব্রাহিম আলীর ছেলে হাবিবুল বাসার শিমুল, ইব্রাহিম আলীর স্ত্রী জোহুরা বেগম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয়নগর মীরপাড়া গ্রামের মৃত রমজান আলী বিশ্বাসের ছেলে মো. সুজন এবং বাগানপাড়া গ্রামের মো. মতিউর রহমানের ছেলে মো. আব্দুল হালিম।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১ নভেম্বর নিহত সিহাব রানার বাবা মো. সোহেল রানা বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন।

রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনায় গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সামসুল আলম, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মো. সুজন মিঞা এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাজ্জাক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে।

শাহালাল /শাহজাদা


প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬ | সময়: ৫:২১ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর