সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদীতে গৃহবধুকে শ্লীলতাহানীর অভিযোগ জামায়াত সমর্থকের বিরুদ্ধে

ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদীতে ফাতেমা খাতুন (৩২) নামের দুই সন্তানের জননী এক গৃহবধুকে জোরপূর্বক শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে আবুল কামাল আজাদ খাঁ (৬২) নামের এক প্রভাবশালী জামায়াত সমর্থকের বিরুদ্ধে। ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর পশ্চিম পাড়া গ্রামে গত রোববার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
ফাতেমা খাতুন ওই গ্রামের পাভেল প্রাং এর স্ত্রী। ঘটনার সঙ্গে সঙ্গে অভিযুক্ত আবুল কামাল আজাদ খাঁ’র বাড়িতে গিয়ে গৃহবধুর পরিবার এই ঘটনার প্রতিবাদ জানালে তারা সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন। সে সময় গ্রাম্য প্রধানদের কাছে বিচার দিলেও অজ্ঞাত কারণে নিরব ভুমিকা পালন করেন তারা। এ ঘটনায় ওই গৃহবধু ও তার শ্বশুর জামাল মঙ্গলবার দুপুরে অভিযুক্ত আবুল কামাল আজাদ খাঁর বাড়িতে বিচারের দাবীতে অবস্থান নিলে তাদের মারপিট করে বাড়ি থেকে বের করে দেয় প্রভাবশালী আবুল কামাল আজাদ খাঁ, তার ছেলে ফারুক খাঁ ও জামাতা সাইফুদ্দিন। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও গৃহবধু ফাতেমা খাতুন জানান, অভিযুক্ত কামাল খাঁ প্রায়ই তার দিকে কু-নজর দিতো। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে তার স্বামী বাড়ির বাহিরে থাকার সুযোগে আবুল কামাল আজাদ খাঁ তার ঘরে ঢুকে জোরপূর্বক জাপটে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করে।
সে সময় ওই গৃহবধুর আর্তচিৎকারে তাকে ছেড়ে দিয়ে পালানোর সময় বাড়ির গেটের সামনেই ওই গৃহবধুর দেবর শাকিল এর হাতে আটক হয়। সে সময় তাকে ধাক্কা দিয়ে ফেলে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত আবুল কামাল আজাদ খাঁ।
ঘটনার কিছুক্ষণ পর ওই গৃহবধুর স্বামী পাভেল প্রাং বাড়িতে এসে ঘটনা শুনে অভিযুক্ত কামাল খাঁ’র বাড়িতে গিয়ে তার পরিবারের কাছে ন্যাক্কারজনক এই ঘটনার বিচার দাবি করেন। সে সময় আবুল কামাল আজাদ খাঁর ছেলে ফারুক খাঁ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে উত্যপ্ত পরিস্থিতি শান্ত করেন। বিচারের নামে কালক্ষেপন শুরু হলে গৃহবধু ফাতেমা ও তার পরিবারের সদস্যরা সমাজ প্রধান জামায়াত নেতা আসাদ দেওয়ানের কাছে বিচার প্রার্থনা করেন। একই দলের লোক হওয়ায় ঘটনাটির সুষ্ঠু বিচার না করে উল্টো তিনি কালক্ষেপন শুরু করেন।
ঘটনার একদিন পার হওয়ার পর মঙ্গলবার সকালে গৃহবধু ফাতেমা খাতুন ও তার শ্বশুড় জামাল প্রাং অভিযুক্ত কামাল খাঁ’র বাড়িতে গিয়ে অবস্থান নিয়ে বিচার দাবি করলে তাদের মারপিট করে বাড়ি থেকে বের করে দেয় প্রভাবশালী কামাল খাঁ, তার ছেলে ফারুক খাঁ ও জামাতা সাইফুদ্দিন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এলাকাবাসী জানান, অভিযুক্ত কামাল খাঁ একজন লম্পট প্রকৃতির মানুষ। তিনি একজন অসহায় ও গরীব গৃহবধুর ঘরে ঢুকে তাকে শ্লীলতাহানী করেছে এর কঠিন বিচার হওয়া উচিত। তার বিরুদ্ধে এর আগেও এমন ঘটনার কথা জানান তারা।
গৃহবধু ফতেমা খাতুন জানান, তার দু’টি সন্তান রয়েছে। বড় সন্তান পাশের বাড়িতে দাদির কাছে থাকায় ছোট সন্তানকে নিয়ে ঘরে শুইয়ে ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে কৌশলে ঘরে ঢুকে কামাল খাঁ তাকে জোরপূর্বক জাপটে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করে। সে সময় তার ডাকচিৎকারে তাকে ছেড়ে দিয়ে কামাল খাঁ পালানোর সময় বাড়ির গেটের সামনেই তার দেবর শাকিল তাকে আটকের চেষ্টা করেন। সে সময় কামাল খাঁ তাকে ধাক্কা দিয়ে ফেলে দৌড়ে পালিয়ে যায়। তিনি অভিযুক্ত কামাল খাঁ’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
গৃহবধু ফাতেমা খাতুনের স্বামী পাভেল বলেন, ঘটনার সময় তিনি বাড়ির বাহিরে ছিলেন। বাড়িতে এসে ঘটনা শুনে তিনি অভিযুক্ত আবুল কালাম আজাদের বাড়িতে গিয়ে বিচার দাবি করেন। সে সময় সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়া হলেও পরে উল্টো তাদেরই নানা রকম ভয়ভীতি দেখানো হচ্ছে। এই বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে তাদের চলাচলের রাস্তাটিও বন্ধ করে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত আবুল কালাম আজাদের জামাতা সাইফুদ্দিন। এ ঘটনায় তিনি ঈশ্বরদী থানায় মামলা করবেন বলে জানান।
এবিষয়ে অভিযুক্ত কামাল খাঁর ছেলে ফারুক খাঁ বলেন, ওরা নেশার সাথে সম্পৃক্ত। আমরা এর প্রতিবাদ করায় তারা আমাদের বিরুদ্ধে এ ধরণের মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এবং আমার বাবা দু’জনেই জামায়াতের রাজনীতির সাথে জড়িত।
অভিযুক্ত আবুল কালাম আজাদ বলেন, ওদের বাড়ির কাছে আমার একটি গভীর নলকুপ রয়েছে। সেখানে প্রায় ওই পরিবারটি নেশার আসর বসায় এবং গভীর নলকুপের বিভিন্ন জিনিসপত্র চুরি করে। ঘটনার দিন রাতে আমি আমার গভীর নলকুপ থেকে ফেরার সময় জামাল কবিরাজের বাড়িতে বহিরাগত অনেক যুবক দেখে তাদের ধাওয়া দেওয়ায় আমার বিরুদ্ধে প্রতিহিংসা বশত এই মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
এবিষয়ে গ্রাম্য প্রধান জামায়াত নেতা আসাদ দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তার কাছে বিচার প্রার্থনা করা হয়েছে। উভয় পক্ষকে নিয়ে বসে সুষ্ঠু বিচার করবেন বলে জানান তিনি।


প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬ | সময়: ৭:২৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর