, , ।
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পৃথক দুর্ঘটনায় আল-আমিন (৩০) ও আতিকুর রহমান নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া ও পাকশী ইউনিয়নের রূপপুর পাকার মোড়ে পৃথক দুর্ঘটনায় তাদের মর্মান্তিক মৃত্যু হয়।
জানা গেছে, মুরগি চুরি ঠেকাতে পোল্ট্রি খামারের চারপাশে বিদ্যুতের তার বিছিয়ে রাখায় সেই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ আল-আমিন (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়। সোমবার সকালে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন উপজেলার মুলাডুলি ইউনিয়নের দরগাপাড়া গ্রামের আরোপ সরদারের ছেলে এবং ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খাদেম।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে সজীব হোসেন নওদাপাড়া এলাকায় একটি পোল্ট্রি খামার ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। খামারে মুরগি চুরি ঠেকাতে তিনি চারপাশে বিদ্যুতের তার বিছিয়ে রাখেন। সেখানে শ্রমিক হিসেবে আল-আমিন কাজ করলেও তিনি তারের বিষয়ে কিছুই জানতেন না। প্রতিদিনের মতো সোমবার ফজরের নামাজ আদায় করে খামারে কাজে যোগ দেন তিনি।
এ সময় শেডের চারপাশে বিছিয়ে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রূপপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করেন এবং আল-আমিনের লাশ উদ্ধার করেন।
অপর দিকে পাকশী ইউনিয়নের রূপপুর পাকার মোড়ে ট্রাকের ধাক্কায় আতিকুর রহমান (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত আতিকুর রহমান উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের চক আল্লাদি গ্রামের মোবারক হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে আতিকুর রহমান সহ তিনজন একটি করিমন গাড়িতে করে দাশুড়িয়া থেকে মাছ নিয়ে বিক্রির উদ্দেশ্যে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে একটি ট্রাক করিমনটিকে ধাক্কা দেয়। এতে করিমনে থাকা তিনজনই ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতিকুরকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পৃথক দুর্ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।