, , ।
নুরুজ্জামান,বাঘা :
ভারতে আটক রাজশাহীর বাঘা উপজেলার পাঁচ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেন রাজশাহী-৬(চারঘাট-বাঘা)আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। তাঁর যোগাযোগ ও তৎপরতা শেষে ১১ দিন পর শুক্রবার (১৮ সেপ্টেম্বর)সন্ধ্যায় উপজেলার মীরগঞ্জ সীমান্তফাঁড়ি দিয়ে দেশে ফিরেছেন ওই পাঁচ ব্যক্তি।
ঐদিন ভারতের সাগরপাড়া সীমান্তের বিএসএফ ক্যাম্প থেকে তাঁদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়। পরে রাত ৭টার দিকে বাঘা উপজেলার আলাইপুর সীমান্তে পৌঁছালে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বিজিবির মাধ্যমে তাঁদের গ্রহণ করেন এবং স্বজনদের কাছে হস্তান্তর করেন।
এর আগে আটক ব্যক্তিদের মুক্তির বিষয়ে ভারতের হাইকমিশনার ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। তিনি রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ে গিয়ে তাঁদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করেন। তাঁদের পরিবারকে সহযোগিতা করেন বিএনপির স্থানীয় নেতা আব্দুল সাদেক আদিল, স্বজল খান ও আব্দুস সামাদ মুকুল।
ফেরত আসা ব্যক্তিরা হলেন-বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের কলেজশিক্ষার্থী মোশাররফ হোসেন, সাহাবুল আলী, বাবর আলী (৪০), সাইফুল ইসলাম ও আশাদুল ইসলাম (৩৮)। তাঁদের মধ্যে মোশাররফ, সাহাবুল ও বাবর আলী পাট ব্যবসায়ী। অন্য দুজন নৌকার মাঝি।
ফেরত আসা ব্যক্তিরা জানান, গত ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পাট কিনে নৌকায় করে বাড়ি ফিরছিলেন তাঁরা। তীব্র স্রোতের বিপরীতে নৌকা চালানোর সময় মাঝি দিক হারিয়ে ফেলেন। একপর্যায়ে পাটবোঝাই নৌকাটি সীমান্ত পেরিয়ে ভারতের প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার ভেতরে চলে যায়। এ সময় বিএসএফের একটি টহল দল তাঁদের আটক করেন।তাঁদের ভাষ্য, প্রথমে দুই দিন বিএসএফ ক্যাম্পে রাখার পর তাঁদের পশ্চিমবঙ্গের রানীনগর থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
আটক ব্যক্তিদের নৌকায় প্রায় ১০০ মণ পাট ছিল, যার বাজারমূল্য আনুমানিক চার লাখ টাকা। তাঁদের মুক্তি মিললেও নৌকা ও পাট ফেরত পাননি। দেশে ফিরে নৌকা ও পাট ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে পরিবারের সদস্যরা জানান, আটকের খবর পাওয়ার পর তাঁরা বিজিবির আলাইপুর বিওপি ক্যাম্পে যোগাযোগ করেন। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকও হয়। বৈঠকে বিএসএফের কর্মকর্তারা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আটক ব্যক্তিদের ফেরত দেওয়া সম্ভব নয়।
সানশাইন /শামি