সর্বশেষ সংবাদ :

ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সানশাইন ডেস্ক: দেশে ডেঙ্গুর প্রকোপ থেকে জনসাধারণকে রক্ষায় সারাদেশে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন। তিনি বলেন, সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি এবং কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা যায়, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
“ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রধানমন্ত্রী বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।” উপ-প্রেস সচিব বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। শুধু সরকারি সংস্থার ওপর নির্ভর না করে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপরও জোর দিয়েছেন তিনি।
“বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার করা এবং মশার প্রজননস্থল তৈরি যাতে না হতে পারে, সে বিষয়ে মানুষকে আরও সচেতন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী।”
পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের কর্মীদের সম্পৃক্ত করার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। উপ-প্রেস সচিব বলেন, “তাদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনগণকে যুক্ত করে পরিচ্ছন্নতা অভিযান চালাতে বলা হয়েছে।”
বৈঠকে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য সামগ্রী পর্যাপ্ত মজুদ রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়। হাসান শিপলু জানান, হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের ব্যবহারের জন্য মশারি সরবরাহের বিষয়েও বৈঠকে আলোচনা হয়, যাতে আক্রান্ত রোগীকে কামড়ানো মশার মাধ্যমে অন্যদের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো যায়।
তিনি বলেন, “বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘মাঠে এর প্রতিফলন থাকা চাই।’”স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।


প্রকাশিত: September 7, 2026 | সময়: 4:25 am | সুমন শেখ