সর্বশেষ সংবাদ :

রাবির নেপালী শিক্ষার্থীদের দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য বৃত্তি চালুর অনুরোধ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যায়নরত নেপালী শিক্ষার্থীরা বুধবার দুপুরে প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে সাক্ষাৎ করে। এসময় তারা নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির মাত্রা সম্পর্কে উপাচার্যকে অবহিত করে। উপাচার্য এই ভয়াবহ ক্ষয়ক্ষতিতে শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
এসময় নেপালী শিক্ষার্থীরা রাবিতে ডিজাস্টার স্কলারশিপ স্কিম নামে একটি বৃত্তি চালুর অনুরোধ জানায়। উপাচার্য এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তহবিল প্রাপ্তি সাপেক্ষে বৃত্তি চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
সাক্ষাৎকালে অন্যদের মধ্যে ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক এস এম কামরুজ্জামান, শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরির ওয়ার্ডেন প্রফেসর মো. আবু বকর প্রাং প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: September 3, 2026 | সময়: 4:50 am | সুমন শেখ