সর্বশেষ সংবাদ :

পরিকল্পিতভাবে সারের সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে: কৃষিমন্ত্রী

সানশাইন ডেস্ক: দেশে পরিকল্পিতভাবে সারের সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তিনি বলেছেন, “দেশে সারের কোনো সংকট নেই। একটি মহল পরিকল্পিতভাবে সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিচ্ছে। বেশি টাকা দিলে যেসব খুচরা বিক্রেতা সার সরবরাহ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” এ সময় তিনি প্রশ্ন তোলেন, “কিছু খুচরা সার বিক্রেতা বাজারে সার নেই বলে প্রচার করছে। অথচ অতিরিক্ত টাকা দিলে তারাই আবার সার সরবরাহ করছে। তাহলে সংকট কোথায়? অতি লোভী কিছু মানুষ এ ধরনের কাজ করছে।”
ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম। সারের সংকট বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, “দেশের মোট চাহিদার তুলনায় ১৫ লাখ টন বেশি সার আমদানি করা থাকে। তাই দেশে সার সংকট হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু কিছু দুষ্কৃতকারী ও ষড়যন্ত্রকারী পরিকল্পিতভাবে সারের দাম বাড়িয়ে রাখছে।”
এ সময় জেলার সার ডিলারদের সতর্ক করে কৃষিমন্ত্রী বলেন, “কোনো ডিলার তার বরাদ্দের সার সময়মত না তুললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের কাছে সঠিক দামে ও সময়মত সার পৌঁছে দিতে ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি বলেন, “এই সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকের উন্নতির জন্য যা কিছু প্রয়োজন, সরকার তা করবে। সরকার বিশ্বাস করে, কৃষকের উন্নতি হলে দেশের অগ্রগতি হবে।”
বিভিন্ন কারণে দেশের মাটির গুণগত অবস্থা আগের মত ভালো নেই বর্ণনা করে মন্ত্রী বলেন, “তবে ফরিদপুরের মাটি এখনো দেশের মধ্যে অন্যতম সেরা। এ ধরনের উর্বর মাটি দেশের অন্য অনেক জেলায় পাওয়া কঠিন। ফলে ফরিদপুরের কৃষিকে আরও এগিয়ে নেওয়ার ব্যাপক সুযোগ রয়েছে। “পাট ও পেঁয়াজের বীজ যাতে ভবিষ্যতে বিদেশ থেকে আমদানি করতে না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। একই সঙ্গে কৃষিতে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে প্রয়োজনীয় কৃষিপণ্যের আমদানি কমিয়ে দেশীয় উৎপাদনের মাধ্যমে চাহিদা পূরণ করা।”
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, জেলা পরিষদের প্রশাসক আবজাল হোসেন খান পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সোহরব হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহদুজ্জামান উপস্থিত ছিলেন।


প্রকাশিত: August 30, 2026 | সময়: 5:04 am | সুমন শেখ