সর্বশেষ সংবাদ :

‘স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আমরা তার ছাত্র হওয়ার জন্য আসিনি’

সানশাইন ডেস্ক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলা এবং নিজেকে শিক্ষক মনে করার মানসিকতার তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন এমন দুঃসাহস তিনি দেখিয়েছেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই।’
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ অভিযোগ করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ অধিবেশনে সভাপতিত্ব করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে ডা. শফিকুর রহমান বলেন, তিনি আজ নতুন করে এসব শব্দ উচ্চারণ করেননি; বরং সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে, সেদিন থেকেই তিনি সবাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে আসছেন। তিনি নিজেকে কী মনে করেন, তা বোধগম্য নয় বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।
এভাবে নিয়ম ভঙ্গ করা হলে সংসদ
বেশি দিন চলবে না: স্পিকার
সানশাইন ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, তিনি সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত। অধিবেশন চলাকালে একে অপরকে কথা বলার ক্ষেত্রে বাধা দেওয়ার যে প্রবণতা দেখা গেছে, তা সংসদের জন্য কোনো ভালো লক্ষণ নয় বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার বিকেল ৩টায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই তিনি এ কথা বলেন। সংসদের শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, অনেক কষ্টের পর গণতন্ত্র অর্জিত হয়েছে। এই গণতন্ত্র যাতে বহাল থাকে, সেজন্য সংসদের প্রতিটি সদস্যের দায়িত্ব রয়েছে।
সংসদ সদস্যদের ‘রুলস অব প্রসিজার’ বা কার্যপ্রণালী বিধি পড়ার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, স্পিকার যখন প্রতিটি সদস্যকে নিজ আসনে বসার নির্দেশ দেন, তখন সেই নিয়ম ও রীতি যদি ভঙ্গ করা হয় বা না মানা হয়, তবে সংসদ বেশি দিন চলবে না। এ সময় তিনি সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।


প্রকাশিত: August 28, 2026 | সময়: 4:06 am | সুমন শেখ