, , ।
টাঙ্গাইল প্রতিনিধি: কৃষকরা হচ্ছেন এ দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। তাদের ভাগ্য উন্নয়নের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব। প্রণোদনার সার, বীজ সহ বিভিন্ন উপকরণ কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে। তাই কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নিরাপদ কৃষি নিশ্চিতকরণ, নতুন কৃষি উদ্যোক্তা তৈরি এবং টেকসই কৃষি ব্যবস্থার ওপর অধিকতর গুরুত্ব দিয়েছে সরকার।
টাঙ্গাইলের মধুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের নিয়ে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
মধুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাণীসম্পদ কর্মকর্তা শহীদুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাসেল পারভেজ তমাল, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, দৈনিক প্রগতির আলোর সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, উপজেলা সমবার অফিসার হবিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবি এম খায়রুল ইসলাম প্রমূখ।
উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সহ উপজেলার ৭০ জন কৃষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।