, , ।
সানশাইন ডেস্ক: এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করছে। সোমবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডটি উন্মোচন করেছে রবি আজিয়াটা পিএলসি।
রবি জানিয়েছে, এটি শুধু ব্র্যান্ডের পরিবর্তন। গ্রাহকদের বিদ্যমান ০১৬ নম্বর, সেবা, প্যাকেজ ও ব্যালান্সে কোনো পরিবর্তন হবে না। এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে সার্কেলের গ্রাহক হবেন। একইভাবে এমএফএস অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ও গ্রাহকের তথ্যও আগের মতো নিরাপদ ও সচল থাকবে।
তরুণদের জীবনধারা ও পরিবর্তিত ডিজিটাল চাহিদাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে সার্কেল। এতে এয়ারটেলের তারুণ্যকেন্দ্রিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে উন্নত ডিজিটাল সক্ষমতা, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভবিষ্যৎ প্রযুক্তি এবং নতুন ডিজিটাল সেবার অঙ্গীকার। সার্কেলের ব্র্যান্ড প্রতিশ্রুতি— ‘আসল সংযোগ, সবসময় সচল।’ বিনোদন, গেমিং, কনটেন্ট তৈরি ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তরুণদের নির্ভরযোগ্য সংযোগ ও উন্নত অভিজ্ঞতা দেওয়াই ব্র্যান্ডটির অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, “১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। সার্কেল সেই যাত্রারই পরবর্তী ধাপ। ব্র্যান্ডের নাম বদলালেও আমাদের মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে।”রবি জানিয়েছে, ব্র্যান্ড পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় গ্রাহকেরা নিরবচ্ছিন্ন সেবা পাবেন। তরুণদের পরিবর্তিত চাহিদা পূরণে নতুন নতুন উদ্ভাবনে বিনিয়োগও অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি।